অসমিয়া ছবি ‘ডবল বিয়া’য় অভিনয়ের জন্য অসমে এসে জুবিন ক্ষেত্র-এ জুবিন গর্গের সমাধিস্থলে শ্রদ্ধা জানালেন বলিউড অভিনেতা রাজপাল যাদব।
জুবিনের কণ্ঠ, প্রতিভা ও সৃষ্টিকর্মের প্রশংসা করে রাজপাল বলেন, তিনি অসংখ্য স্মরণীয় গান উপহার দিয়েছেন। তাঁর কণ্ঠ ও প্রতিভার জাদু সারা দেশ এবং বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিল।
এক জন শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এর চেয়ে বড় স্থান আর কী হতে পারে? জুবিনের সৃষ্টি ও কাজ তাঁকে চিরকাল অমর করে রাখবে।
জুবিন গর্গের আত্মার শান্তি কামনা করে অভিনেতা বলেন, তাঁরা দু’জন আলাদা ক্ষেত্রের শিল্পী হলেও সঙ্গীত ও অভিনয়জগতের একই বড় পরিবারের অংশ। তিনি নিজেও জুবিনের অনুরাগী ছিলেন বলে জানান।
রাজপালের আশা, জুবিনের সৃষ্টির জাদু আগামী দিনেও মানুষের মধ্যে বেঁচে থাকবে। অসমের মানুষের ভালবাসা এবং শিল্পীকে ঘিরে তাঁদের গভীর আবেগও তিনি অনুভব করেছেন বলে জানান।
সুব্রত কাকতির পরিচালনায় নির্মিত হতে চলা অসমিয়া ছবি ‘ডবল বিয়া’য় অভিনয় করছেন রাজপাল যাদব। এই ছবির মাধ্যমে প্রথম বার অসমিয়া ছবিতে অভিনয় করবেন তিনি।