দক্ষিণ কামরূপ: সরলারসুঁতি চরে জমি বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের তীব্র সংঘর্ষে ২০ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে সফিকুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরলারসুঁতি চরের জমি নিয়ে লালচান আলি ও সফিকুল ইসলামের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। দুপুরে সেই বিবাদ চরমে পৌঁছলে দুই পক্ষের মধ্যে মারপিট শুরু হয়।

গুরুতর জখম সফিকুল ইসলামকে প্রথমে গরৈমারী সামূহিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

অভিযোগ, লালচান আলির পক্ষ পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র নিয়ে সফিকুল ইসলামের পক্ষের উপর হামলা চালায়। এর পরে অন্য পক্ষ পাল্টা আক্রমণ করে বলে অভিযোগ।

ঘটনার পরে জোরশিমুলী ও গরৈমারী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে আটক করা হয়েছে।