নতুন দিল্লি, ২৯ নভেম্বর: বিশেষ সংসদীয় অধিবেশন শুরুর এক দিন আগে রবিবার বিজেপির সংসদীয় দলের কার্যনির্বাহী সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার থেকে শুরু হয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে ওই অধিবেশন।

৭, লোক কল্যাণ মার্গে বিজেপির সংসদীয় দলের কার্যনির্বাহী সমিতির সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে বৈঠকের কথা জানিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, জে পি নড্ডা, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন এবং লোকসভা ও রাজ্যসভার একাধিক সাংসদ উপস্থিত ছিলেন।

বৈঠকের পরে কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী বিভিন্ন রাজ্যের সাংসদদের সঙ্গে নৈশভোজ-বৈঠক করেন বলে জানা গিয়েছে। সেখানে আসন্ন সংবিধান সংশোধনী বিধেয়ক এবং সমষ্টি পুনর্নির্ধারণ বিধেয়কে ভোটদানের প্রক্রিয়া সম্পর্কে সাংসদদের বোঝানো হয়।

গজেন্দ্র সিং শেখাওয়াত, ভূপেন্দ্র যাদব, কিরেন রিজিজু, মনোহর লাল খট্টর ও প্রহ্লাদ যোশী-সহ অন্তত ১০ জন কেন্দ্রীয় মন্ত্রী সাংসদদের সঙ্গে এমন বৈঠক করেন।

বিশেষ অধিবেশনে সরকার তিনটি বিধেয়ক পেশ করার পরিকল্পনা করেছে— সংবিধান (১৩২তম সংশোধনী) বিধেয়ক, সমষ্টি পুনর্নির্ধারণ বিধেয়ক এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিধেয়ক।

এই বিধেয়কগুলির মাধ্যমে লোকসভার আসনসংখ্যা ৫৪৩ থেকে ৮১৬-তে ৫০ শতাংশ বাড়ানো, ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির মধ্যে আসন বণ্টন স্থির রাখা এবং ২০২৯ সালের সাধারণ নির্বাচন থেকে বিধানমণ্ডলগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথ তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে। বিধেয়কগুলি ঘিরে সরকার ও বিরোধীদের রাজনৈতিক তৎপরতা বেড়েছে। সরকার প্রয়োজনীয় ভোট পেয়ে বিধেয়কগুলি গৃহীত করাতে পারবে বলে আত্মবিশ্বাসী।