চেন্নাই, ২৯ নভেম্বর: লোকসভার আসন ৮৫০-তে বাড়িয়ে নির্বাচনী এলাকাগুলির সীমানা নির্ধারণের ক্ষমতা বিজেপির হাতে গেলে দেশের নির্বাচনী মানচিত্রের চরিত্র বদলে যাবে বলে অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, এমন পদক্ষেপ দেশ, দক্ষিণ ভারত এবং বিশেষ করে তামিলনাড়ুর পক্ষে ক্ষতিকর হবে।
নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিধেয়ক নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠকের পরে তিনি এ কথা বলেন। রাহুল জানান, স্ট্যালিনের সঙ্গে তাঁদের আলোচনা সৌহার্দ্যপূর্ণ হয়েছে এবং বৈঠকে কংগ্রেসের অবস্থান স্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে।
“বিজেপি এক বার ৮৫০ আসনযুক্ত লোকসভার পুনর্গঠন করলে ভারতের গণতন্ত্র শেষ হয়ে যাবে।”
স্ট্যালিনকে তামিলনাড়ুর স্বার্থ রক্ষার আহ্বানও জানিয়েছেন রাহুল। তাঁর অভিযোগ, অসম ও জম্মু-কাশ্মীরে ইতিমধ্যেই এ ধরনের প্রক্রিয়ার পরীক্ষা হয়েছে। এ বার তা গোটা দেশে কার্যকর করার পরিকল্পনা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণের প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছেন কংগ্রেস নেতা। অসম ও জম্মু-কাশ্মীরের পূর্ববর্তী পুনর্নির্ধারণের উদাহরণ দিয়ে তাঁর অভিযোগ, সীমানা বদলে কিছু জনগোষ্ঠীকে বিভক্ত করা এবং বিরোধীদের কণ্ঠ দুর্বল করার চেষ্টা হয়েছিল।
আরএসএস ও বিজেপিকে নিশানা করে রাহুলের আরও অভিযোগ, তামিল ভাষা, সংস্কৃতি ও সভ্যতার প্রতি আরএসএসের বিরূপ মনোভাব রয়েছে।