কোকরাঝাড়, ৫ নভেম্বর: দীপাবলি উপলক্ষে আগামী ৯ নভেম্বর বিটিসির অধীন পাঁচটি জেলায় স্থানীয় ছুটি ঘোষণা করেছে বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (বিটিসি)।
বিটিসির সাধারণ প্রশাসন দফতর ৩ নভেম্বর এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কোকরাঝাড়, চিরাং, বাকসা, তামুলপুর ও উদালগুড়ি জেলার বিটিসির অধীন সমস্ত দফতরে এই ছুটি কার্যকর হবে।
তবে জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত অফিস ও প্রতিষ্ঠানগুলি এই ছুটির আওতার বাইরে থাকবে। পরীক্ষার দায়িত্বে থাকা দফতর ও প্রতিষ্ঠানগুলিও স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাবে।
বিটিসির অতিরিক্ত প্রধান সচিবের জারি করা বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ছুটির বিষয়ে ব্যাপক প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।