গুয়াহাটি, ৬ নভেম্বর: জুবিন গর্গের মৃত্যু মামলার এক সাক্ষীকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর অভিযোগ, গায়কের মৃত্যুর বিচার চেয়ে গড়ে ওঠা আন্দোলনের নেতৃত্ব দেওয়া এক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আদালতে ভিন্ন বক্তব্য পেশ করেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, তিনি এমন এক সাক্ষীর কথা বলতে চান, যিনি গোটা আন্দোলনে নেতৃত্বের ভূমিকা পালন করেছিলেন। হিমন্তের দাবি, ওই ব্যক্তি কয়েক দিন আগে আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং সেখানে বলেছেন, জুবিনেরও ভুল ছিল।

ওই ব্যক্তিকে সাংস্কৃতিক জগতের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলনের সময় তাঁর বক্তব্য ও সাক্ষাৎকার সংবাদমাধ্যমে যথেষ্ট প্রচার পেয়েছিল।

হিমন্ত বিশ্বশর্মার অভিযোগ, “সাক্ষীরা টেলিভিশনে এক কথা বলেন, আর আদালতে অন্য কথা বলেন।” আদালতের নথির ভিত্তিতেই তিনি এই মন্তব্য করছেন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, মামলার রায় প্রকাশিত হলে সাক্ষীদের নাম এবং তাঁদের দেওয়া বক্তব্য সামনে আসবে। তখন অসমের মানুষ নিজেরাই বিষয়টি খতিয়ে দেখতে পারবেন।

মুখ্যমন্ত্রী জানান, অ্যাডভোকেট জেনারেল তাঁকে সকালে এই বিষয়ে জানিয়েছেন। তবে সংশ্লিষ্ট সাক্ষীর নাম প্রকাশ করেননি তিনি।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর জুবিন গর্গের মৃত্যু মামলায় সাক্ষীদের বক্তব্য এবং বিচার চেয়ে আন্দোলনের সময় তাঁদের প্রকাশ্য বক্তব্যের মধ্যে কথিত পার্থক্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।