গুয়াহাটি, ৬ নভেম্বর: তেল বিপণন সংস্থাগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ১২ নভেম্বর গুয়াহাটি শহরে ২৪ ঘণ্টার পেট্রল পাম্প বন্ধের ডাক দিয়েছে North East India Petroleum Dealers Association-এর বৃহত্তর গুয়াহাটি শাখা।
সংগঠনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ নভেম্বর সকাল ৬টা থেকে ১৩ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত শহরের পেট্রল পাম্পগুলি বন্ধ থাকবে।
তেল বিপণন সংস্থাগুলির বিরুদ্ধে ডিলারদের সঙ্গে একতরফা ও স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ তুলেছে সংগঠনটি। তাদের দাবি, কোনও আগাম নোটিস বা বক্তব্য জানানোর সুযোগ না দিয়েই ডিলারদের পেট্রল ও ডিজেলের সরবরাহ বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছে।
ট্যাঙ্কারের মাধ্যমে জ্বালানি পরিবহণের জন্য আগে থেকে চালু থাকা Consortium ব্যবস্থা কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই বাতিল করার অভিযোগও তুলেছে সংগঠনটি। এর ফলে ডিলার ও পরিবহণকারীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করা হয়েছে। Indian Oil-এর এক আধিকারিকের বিরুদ্ধে এক ডিলারকে জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
ডিলারদের অতিরিক্ত Lubricant কেনার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি। পেট্রল-ডিজেলের সরবরাহ চালু রাখার শর্ত হিসেবে অতিরিক্ত পণ্য কেনার বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে বলে তাদের দাবি।
এ ছাড়া, ডিলারদের SAP অ্যাকাউন্ট থেকে আগাম নোটিস বা যথাযথ প্রক্রিয়া ছাড়া টাকা কেটে নেওয়া, Consortium চুক্তি বাতিল এবং অনুমোদিত ভর্তুকি ও অন্যান্য প্রাপ্য অর্থ পরিশোধ না করার অভিযোগও তোলা হয়েছে।
সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, Legal Metrology বিভাগের বিভিন্ন কাজের খরচ, Calibration Charge এবং অন্যান্য অনুমোদিত ব্যয়ের টাকাও দীর্ঘদিন ধরে ফেরত দেওয়া হয়নি। ১৫ দিনের মধ্যে এই বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
অভিযোগগুলির সমাধান না হলে ১২ নভেম্বরের ২৪ ঘণ্টার বন্ধের ১১ দিন পর, অর্থাৎ ২৩ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের কর্মসূচি নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। ওই সময় পেট্রল ও ডিজেলের কেনাবেচা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।