কোকরাঝাড়, ৬ নভেম্বর: ভূমিহীনদের জমির পাট্টা দেওয়ার ক্ষেত্রে প্রিমিয়াম কমিয়ে ১০১ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (BTC)। শুক্রবার কোকরাঝাড়ে মুখ্য কার্যনির্বাহী সদস্য হাগ্রামা মহিলারির সভাপতিত্বে অনুষ্ঠিত BTC-র কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের পর মহিলারি জানান, যাঁদের নামে জমির পাট্টা নেই, তাঁদের পাট্টা দেওয়ার কাজ চলছে। ভূমিহীনদের কাছ থেকে নেওয়া প্রিমিয়ামের হার নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা সংশোধন করা হয়েছে।
তিনি জানান, এখন থেকে ভূমিহীন উপভোক্তাদের জমির পাট্টা পেতে ১,০০০ বা ২৫,০০০ টাকার পরিবর্তে মাত্র ১০১ টাকা প্রিমিয়াম দিতে হবে।
মহিলারির দাবি, এখনও পর্যন্ত ৮ হাজারের বেশি ভূমিহীন মানুষকে জমির পাট্টা দেওয়া হয়েছে। আরও প্রায় ৪ হাজার মানুষের পাট্টা দেওয়ার প্রক্রিয়া চলছে। যাঁদের নামে জমির পাট্টা নেই, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, যাঁদের ইতিমধ্যেই জমির পাট্টা রয়েছে এবং যাঁরা নতুন করে জমি কিনতে চান, তাঁদের ক্ষেত্রেও প্রিমিয়ামের হার পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে BTC। এই বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে।
মহিলারি জানান, সাধারণ শ্রেণির মানুষের জমি কেনাবেচার অনুমতি এবং প্রিমিয়ামের হার সংশ্লিষ্ট এলাকার জোনভিত্তিক মূল্যের ওপর নির্ভর করবে। সাধারণ শ্রেণির জন্য বর্তমানে নির্ধারিত ২৫,০০০ টাকার প্রিমিয়ামও কমানোর বিষয়টি পর্যালোচনা করা হবে।
তিনি আরও জানান, সাধারণ শ্রেণির জন্য প্রিমিয়াম ২৫,০০০ টাকা হলে তফসিলি জনজাতির ক্রেতাদের ক্ষেত্রে তা হবে ওই অঙ্কের ৫০ শতাংশ, অর্থাৎ প্রায় ১২,৫০০ টাকা।
আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে কমিটি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে জানান মহিলারি।