১১৮ দিনের বন্দিদশার অবসান ঘটিয়ে জেল থেকে মুক্তি পেলেন ভূমি অধিকার কর্মী প্রণব দলে। জাতীয় নিরাপত্তা আইন (NSA)-এর অধীনে তাঁর আটকাদেশ খারিজ করে দেয় গৌহাটি হাইকোর্ট। এরপরই তিনি মুক্তি পান।

জেল থেকে বেরিয়ে প্রথম প্রতিক্রিয়ায় অসমের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রণব। গণতন্ত্র রক্ষার জন্য যাঁরা তাঁর পাশে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন, তাঁদের এই জয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রণব বলেন, “মিথ্যার কখনও জয় হতে পারে না। এটা অসমের মানুষের জয়।” তাঁর হয়ে আইনি লড়াই চালানো আইনজীবী এবং ঘটনার সত্য তুলে ধরার চেষ্টা করা সাংবাদিকদেরও ধন্যবাদ জানান তিনি।

NSA-র মতো কঠোর আইনের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রণব। তাঁর বক্তব্য, মিথ্যা অভিযোগের ভিত্তিতে কোনও ব্যক্তির উপর এই ধরনের আইন চাপিয়ে দেওয়া উচিত নয়। এর বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানান তিনি।

তাঁর কথায়, সংবিধান নাগরিকদের সুরক্ষা এবং মত প্রকাশের অধিকার দিয়েছে। সেই অধিকার খর্ব করে NSA-র মতো আইনে সাধারণ মানুষকে আটক রাখা অন্যায়।

সংশ্লিষ্ট মন্ত্রী ও পুলিশ আধিকারিকদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি। টিংলে পথার, কাজিরাঙা-সহ অসমের বিভিন্ন এলাকায় জমির অধিকারের দাবিতে আন্দোলনরত মানুষের কথা তুলে ধরে প্রণব বলেন, সাংবাদিকরা তাঁদের লড়াইয়ের ছবি সামনে আনার চেষ্টা করেছেন।

গীতা গোয়ালা ও মীনা গোয়ালার মতো মহিলাদের পাশে দাঁড়ানো যদি অপরাধ বলে গণ্য হয়, তবুও অসমের মানুষের অধিকারের জন্য তিনি আওয়াজ তুলে যাবেন বলে জানান প্রণব।