নতুন পাসপোর্টের জন্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদন পেয়েছে বাংলাদেশ হাই কমিশন। বাংলাদেশের বিদেশ মন্ত্রক চিঠিটির বিষয়বস্তু যাচাই করছে বলে ঢাকার একটি সূত্র জানিয়েছে।

সূত্রটির বক্তব্য, লন্ডনের আইন সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স ই-মেলে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্টের আবেদন জানিয়েছে। চিঠিটি খতিয়ে দেখে অভ্যন্তরীণ আলোচনার পর যথাযথ পদক্ষেপ করা হবে।

২০২৪ সালের অগস্টে গণঅভ্যুত্থানে তাঁর সরকারের পতনের পরে শেখ হাসিনা ভারতে চলে আসেন। তার অল্প দিনের মধ্যেই তাঁর পাসপোর্ট বাতিল করা হয়েছিল। সেই থেকে তিনি নয়াদিল্লিতে রয়েছেন।

চলতি বছরের ৫ অগস্ট ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে শেখ হাসিনা বলেছিলেন, ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। ভারতে থাকা আওয়ামী লীগ নেতারাও বার বার তাঁর দেশে ফেরার কথা বলেছেন। আওয়ামী লীগ সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের বেনাপোল-পেট্রাপোলের মতো কোনও স্থলবন্দর দিয়ে তিনি ফিরতে পারেন।

২০২৪ সালের জুলাই-অগস্টে ছাত্র-জনতার আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকারের পতন হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া যোদ্ধাদের পরিবারের জন্য চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা বাতিলের প্রতিবাদ থেকেই আন্দোলনের সূচনা হয়েছিল। জুলাইয়ের মাঝামাঝি পুলিশি দমন-পীড়নে বহু ছাত্র ও সাধারণ মানুষের মৃত্যু হলে আন্দোলন শেখ হাসিনাবিরোধী বিক্ষোভে পরিণত হয়। ওই বছরের ৫ অগস্ট তিনি ভারত চলে আসেন।

২০২৫ সালের নভেম্বরে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। তাঁর বা তাঁর আইনজীবীদের কোনও প্রতিনিধিত্ব ছাড়াই রায় দেওয়া হয়েছিল বলে পরে সমালোচনা হয়। পুলিশি দমন-পীড়নের জন্য শেখ হাসিনা এখনও ক্ষমা চাইতে অস্বীকার করেছেন। একটি লিখিত সাক্ষাৎকারে তাঁর বক্তব্য ছিল, মাঠে দায়িত্ব পালনের সময় পুলিশকে প্রতিটি পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়। পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত বিধি মেনেই পুলিশ ব্যবস্থা নেয়।