গুয়াহাটি: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় মহিলা টেস্ট ও ওয়ান ডে দলে জায়গা পেলেন অসমের ক্রিকেটার জিন্টিমণি কলিতা। তাঁর নির্বাচনে আন্তরিক অভিনন্দন জানিয়েছে অসম ক্রিকেট সংস্থা।

ডানহাতি মিডিয়াম পেসার ও বাঁহাতি ব্যাটার জিন্টিমণির সিনিয়র ভারতীয় দলে নির্বাচিত হওয়া তাঁর ক্রিকেট জীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে জানিয়েছে সংস্থাটি। তাদের মতে, অসমের ক্রিকেটের কাছেও এটি গর্বের মুহূর্ত।

সূচি অনুযায়ী, ভারতীয় মহিলা ক্রিকেট দল আগামী ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

অসম ক্রিকেট সংস্থার আশা, আন্তর্জাতিক ক্রিকেটে জিন্টিমণি তাঁর সাফল্যের ধারা বজায় রাখবেন। সংস্থার মতে, তাঁর এই কৃতিত্ব অসমের উঠতি ক্রিকেটারদেরও অনুপ্রাণিত করবে।

অসম ক্রিকেট সংস্থার সম্পাদক সনাতন দাসের জারি করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।