নতুন দিল্লি, ১০ নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগী নকশাল’ মন্তব্য নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনার জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। সশস্ত্র মাওবাদীদের নির্মূলের পরে সরকারের পরবর্তী লক্ষ্য ‘মানসিক নকশালদের’ নির্মূল করা বলে মন্তব্য করেছেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে রাহুল গান্ধীকে উদ্দেশ করে রিজিজু লেখেন, সশস্ত্র মাওবাদীদের নির্মূল করার জন্য মোদীজিকে ধন্যবাদ জানানো উচিত। তাঁর দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহ বামপন্থী উগ্রবাদ ও নকশালবাদকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি বলেছিলেন।

“পরবর্তী লক্ষ্য হল মানসিক নকশালদের নির্মূল করা।”

এর আগে ছত্তীসগঢ়ের বস্তারে দীপাবলি উদ্‌যাপনের সময়ে নিরাপত্তারক্ষীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী ‘দিমাগী নকশাল’-এর প্রসঙ্গ তুলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, সশস্ত্র নকশালবাদীদের জঙ্গল থেকে নির্মূল করা হলেও বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের মধ্যে মানসিক নকশালদের প্রভাব এখনও রয়েছে।

সোমবার ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সামাজিক মাধ্যমে বস্তারের দীপাবলি অনুষ্ঠানে উপস্থিত সিআরপিএফ জওয়ানদের উদ্দেশে লেখেন, তাঁদের মুখের অভিব্যক্তিই সব কথা বলে দিয়েছিল এবং প্রধানমন্ত্রীর কথায় তাঁরা বিশ্বাস করেননি।

পাশাপাশি, কে দেশবিরোধী এবং কে বিদেশি শক্তির দ্বারা পরিচালিত, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফের প্রকাশ্য বিতর্কের আহ্বানও জানান রাহুল।