নয়াদিল্লি, ৯ নভেম্বর: দেশে ক্যানসার-সংক্রান্ত ১,৩৬৪টি ওষুধের সংশোধিত সর্বোচ্চ খুচরো মূল্য সোমবার থেকে কার্যকর হল। কেন্দ্রের দাবি, এর ফলে ৬৭৯টি ব্র্যান্ডের ওষুধের দাম ৫০ শতাংশের বেশি কমেছে। কোনও কোনও ওষুধের ক্ষেত্রে দাম সর্বাধিক ৯৬.৪৫ শতাংশ পর্যন্ত কমেছে।
কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রকের অধীন জাতীয় ওষুধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ বা এনপিপিএ ১৩৭ ধরনের ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত ওষুধে বাণিজ্যিক মুনাফার সীমা বেঁধে দেওয়ার পর এই নতুন দাম কার্যকর হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর পর্যন্ত ৮৫টি ওষুধ প্রস্তুতকারী সংস্থা ১২১ ধরনের ওষুধের ১,৩৬৪টি প্রস্তুতির সংশোধিত দাম জমা দিয়েছে। কেন্দ্রের অনুমান, এই পদক্ষেপে দেশের ক্রেতাদের বছরে প্রায় ৩,৫৪০.৩৮ কোটি টাকা সাশ্রয় হবে।
ইমিউনোথেরাপি, স্তন ও প্রস্টেট ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ-সহ একাধিক ক্যানসার-সংক্রান্ত ওষুধ এই মূল্যনিয়ন্ত্রণের আওতায় এসেছে। তবে সব ক্যানসারের ওষুধের দাম একই ভাবে কমেনি। সরকার নির্ধারিত ১৩৭ ধরনের ওষুধের বাণিজ্যিক মুনাফার সীমা ও সংশোধিত মূল্যতালিকায় থাকা ওষুধের ক্ষেত্রেই নতুন দাম প্রযোজ্য।
ওষুধের প্যাকেটে লেখা সংশোধিত সর্বোচ্চ খুচরো মূল্য দেখে নেওয়া যাবে। ‘ফার্মা সহি দাম’ মোবাইল অ্যাপ এবং এনপিপিএ-র ওয়েবসাইটেও দাম জানা যাবে। নির্ধারিত নতুন দামের চেয়ে বেশি দামে কোনও ওষুধের দোকান বা হাসপাতালের ফার্মেসি ওষুধ বিক্রি করতে পারবে না।