গুয়াহাটি, ৭ নভেম্বর: খানাপাড়ার গণেশ মন্দিরের কাছে একটি বস্তার ভিতর থেকে শনিবার উদ্ধার হল প্রায় ১২ দিন ধরে নিখোঁজ জীনা বৈশ্য নামে এক মহিলার পচাগলা দেহ। পরিবারের সদস্যেরা দেহটি কইনাধরার বাসিন্দা, প্রায় ৩৮ বছরের জীনা বৈশ্যের বলে শনাক্ত করেছেন।
শনিবার সকাল প্রায় ১১টা ১৫ মিনিটে স্থানীয় বাসিন্দারা পরিত্যক্ত একটি বস্তা দেখতে পান। বস্তার বাইরে মানুষের পা বেরিয়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। খবর পেয়ে দিসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভিতর থেকে মহিলার দেহ উদ্ধার করে।
জীনা প্রায় ১২ দিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁর খোঁজ না মেলায় পরিবারের তরফে বশিষ্ঠ থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। পরিবারের দাবি, হাসপাতালে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন।
স্বামী জিতু বৈশ্যের বক্তব্য, রবিবার দুপুরে বোনের সঙ্গে ইএসআইসি হাসপাতালে থাকবেন বলে জানিয়েছিলেন জীনা। পরে পরিবারের সদস্যেরা জানতে পারেন, তিনি হাসপাতালে যাননি।
ঘটনার খবর পেয়ে দিসপুর পুলিশের পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং ফরেনসিক বিশেষজ্ঞদের দল ঘটনাস্থলে যায়। নমুনা সংগ্রহ করা হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
জিতু বৈশ্যের অভিযোগ, যৌন নির্যাতনের পরে তাঁর স্ত্রীকে খুন করা হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও পুলিশের তদন্তে নিশ্চিত হয়নি।
পুলিশের কাছে খবর, জীনা বৈশ্য মেঘালয়ের তীর খেলার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুর সঙ্গে ওই বিষয়টির কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট, ফরেনসিক তথ্য এবং তদন্তের পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।