নয়াদিল্লি, ১০ নভেম্বর: ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেশে ১৫ বছর বা তার বেশি বয়সি মানুষের বেকারত্বের হার কমে ৫.১ শতাংশে নেমেছে। আগের এপ্রিল-জুন ত্রৈমাসিকে এই হার ছিল ৫.৪ শতাংশ।

কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের প্রকাশিত পর্যায়ক্রমিক শ্রমশক্তি সমীক্ষার ত্রৈমাসিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রামাঞ্চলে বেকারত্বের হার ৪.৮ শতাংশ থেকে কমে ৪.৩ শতাংশ হওয়াতেই সামগ্রিক হারে উন্নতি হয়েছে। তবে শহরাঞ্চলে বেকারত্বের হার ৬.৭ শতাংশ থেকে সামান্য বেড়ে ৬.৮ শতাংশ হয়েছে।

১৫ বছর বা তার বেশি বয়সি মানুষের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৫৪.৬ শতাংশ থেকে বেড়ে ৫৫.৫ শতাংশ হয়েছে। কর্মরত মানুষের অনুপাতও ৫১.৭ শতাংশ থেকে বেড়ে ৫২.৭ শতাংশে পৌঁছেছে। গ্রামাঞ্চলে এই হার ৫৪.২ শতাংশ থেকে বেড়ে ৫৫.৬ শতাংশ হলেও শহরাঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থেকে ৪৬.৯ শতাংশে রয়েছে।

মহিলাদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৩৩.২ শতাংশ থেকে বেড়ে ৩৪.৭ শতাংশ হয়েছে। কর্মরত মহিলাদের অনুপাতও ৩১.৩ শতাংশ থেকে বেড়ে ৩২.৮ শতাংশে পৌঁছেছে।

গ্রামাঞ্চলে কৃষিক্ষেত্রে নিযুক্ত কর্মরত মানুষের অংশ এপ্রিল-জুনের ৫২.৯ শতাংশ থেকে বেড়ে জুলাই-সেপ্টেম্বরে ৫৬.৭ শতাংশ হয়েছে। একই সময়ে গ্রামাঞ্চলে স্বনিযুক্তদের হার ৬১.৪ শতাংশ থেকে বেড়ে ৬২.৭ শতাংশে উঠেছে। শহরাঞ্চলে নিয়মিত বেতনভিত্তিক কর্মসংস্থানের হার সামান্য বেড়ে ৪৯.৬ শতাংশ হয়েছে।

মন্ত্রকের হিসাব অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেশে ১৫ বছর বা তার বেশি বয়সি গড়ে প্রায় ৫৭.৯ কোটি মানুষ কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে ৪০.৫ কোটি পুরুষ এবং ১৭.৪ কোটি মহিলা।