গুয়াহাটি, ১০ নভেম্বর: ২০২৭ সালের আইসিএসই (দশম শ্রেণি) এবং আইএসসি (দ্বাদশ শ্রেণি) বোর্ড পরীক্ষার সূচি ঘোষণা করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস বা সিআইএসসিই। দুই পরীক্ষায় মোট ৩ লক্ষ ৭৯ হাজার ৯৮০ জন পরীক্ষার্থী বসবেন।

আইসিএসই পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি, সোমবার। প্রথম দিন ইংরেজি ভাষা বা ইংলিশ পেপার ১-এর পরীক্ষা হবে। ৩১ মার্চ, বুধবার অর্থনীতি, ফরাসি এবং সংস্কৃতের গ্রুপ ২ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা দিয়ে শেষ হবে এই পরীক্ষা।

আইসিএসই পরীক্ষায় ৩,১০৬টি অধিভুক্ত স্কুলের ২ লক্ষ ৭০ হাজার পরীক্ষার্থী বসবেন। ৭৬টি বিষয় বা পত্রে পরীক্ষা হবে। ভারত ও বিদেশের ২,৮৩৫টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। অধিকাংশ পত্রের পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ১৫ মিনিটে। তবে চারুকলার পত্রগুলির পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়।

আইএসসি পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার। সে দিন পরিবেশবিজ্ঞান এবং ওয়েস্টার্ন মিউজিক পেপার ১-এর পরীক্ষা হবে। ৮ এপ্রিল, বৃহস্পতিবার লিগ্যাল স্টাডিজের পরীক্ষা দিয়ে শেষ হবে আইএসসি পরীক্ষা।

আইএসসি পরীক্ষায় ১,৬৫১টি স্কুলের ১ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী বসবেন। ৬০টি বিষয়ে পরীক্ষা হবে। অধিকাংশ পত্রের পরীক্ষা দুপুর ২টায় শুরু হবে, চারুকলার পত্রগুলির পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়। প্রতিটি পত্রের জন্য সময় বরাদ্দ তিন ঘণ্টা।

আইএসসি পরীক্ষায় ইংরেজি পেপার ১-এর পরীক্ষা ১০ ফেব্রুয়ারি, ইংরেজি পেপার ২-এর পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি এবং অর্থনীতির পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি হবে। হিন্দি ও পঞ্জাবি-সহ ভাষার পত্রগুলির পরীক্ষা ২২ ফেব্রুয়ারি, রসায়ন পেপার ১-এর পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি, গণিতের পরীক্ষা ১ মার্চ, পদার্থবিদ্যা পেপার ১-এর পরীক্ষা ৮ মার্চ এবং জীববিদ্যা পেপার ১-এর পরীক্ষা ১৫ মার্চ নির্ধারিত হয়েছে।