গুয়াহাটি: অসমে বেআইনি কয়লা, গোরু ও সুপারি সিন্ডিকেট অবাধে চলছে বলে অভিযোগ তুলে রাজ্য সরকারকে নিশানা করলেন রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। তাঁর দাবি, শিবসাগরে বন্যাদুর্গতদের সাহায্যের জন্য বার বার আবেদন করেও সরকার থেকে অর্থ মেলেনি।
মঙ্গলবার অখিল বলেন, সিন্ডিকেট থেকে আসা অর্থের মাত্র ১০০ কোটি টাকা পেলেই তিনি নিজের বিধানসভা এলাকার বন্যাদুর্গতদের মধ্যে তা বিলি করতে পারতেন। তাঁর কথায়, “সিন্ডিকেট থেকে যদি প্রায় ১০০ কোটি টাকা পাই, তা হলে আমার বিধানসভা এলাকার বন্যাদুর্গতদের মধ্যে সেই টাকা বিলি করতে পারব।”
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে বেআইনি সিন্ডিকেট চলতে দেওয়ার অভিযোগও তুলেছেন অখিল। তাঁর দাবি, এই পরিস্থিতিতে অসম ‘মাফিয়া রাজ্যে’ পরিণত হয়েছে।
“শিবসাগরের বন্যাদুর্গতদের জন্য মুখ্যমন্ত্রীকে বোঝানোর খুব চেষ্টা করেছি, কিন্তু কোনও লাভ হয়নি। বার বার অনুরোধ সত্ত্বেও বন্যাদুর্গতদের সাহায্যের জন্য প্রয়োজনীয় অর্থ তিনি ছাড়েননি।”
সিন্ডিকেট-অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রায় ১০টি বার্তা পাঠিয়েছেন বলেও দাবি করেন অখিল। তিনি জানান, জেলাশাসক, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ মহানির্দেশককেও বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু কারও তরফে বেআইনি সিন্ডিকেট বন্ধে পদক্ষেপ করা হয়নি বলে তাঁর অভিযোগ।