কলিয়াবর, ১১ নভেম্বর: কলিয়াবরের ২ নম্বর বরঘুলিতে জমি-বাড়ি সংক্রান্ত সংঘর্ষের জেরে গুলিচালনার ঘটনায় অভিযুক্ত আইজুলকে গ্রেফতার করল চুলুং পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে ধরা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এই গুলিচালনায় কয়েক জন আহত হয়েছেন। তবে আহতের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয়। কোনও কোনও সূত্রে তিন জন আহত হওয়ার কথা বলা হলেও, অন্য সূত্রের দাবি, আহতের সংখ্যা সাত থেকে আট জন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দীর্ঘ দিন ধরে চলা জমি-বাড়ি সংক্রান্ত বিবাদের জেরেই রাতে এই গুলিচালনা হয়েছে বলে পুলিশের সন্দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে চুলুং পুলিশ।

বরঘুলির বাসিন্দা আব্দুল কালামের বাড়ি থেকে গুলিচালনায় ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দু’টি খালি কার্তুজ, একটি দা এবং লাঠিও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখছে পুলিশ।