শ্রীভূমি, ১০ নভেম্বর: প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা শীতলপাটি বোনার ঐতিহ্যকে আর্থিক ভাবে আরও শক্তিশালী করতে শ্রীভূমি জেলার কালিগঞ্জ-রতনপুর অঞ্চলে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে পাটিয়ারা সম্প্রদায়ের ৫০ জন মহিলা শিল্পীর জীবিকার উন্নয়ন, ডিজিটাল পরিষেবার সুবিধা এবং সরকারি প্রকল্পের সঙ্গে তাঁদের সংযোগ ঘটানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

এনইডিএফআই-এর সিএসআর সহযোগিতায় ইন্ডিয়ান আওয়াজ ফাউন্ডেশন ছয় মাসের ‘শীতলপাটি শিল্পী জীবিকা ও ডিজিটাল ক্ষমতায়ন উদ্যোগ’ কর্মসূচি চালু করেছে। ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্পের সঙ্গে যুক্ত মহিলাদের আয়ের সুযোগ বাড়ানো এবং আধুনিক বাজার ও প্রয়োজনীয় সরকারি পরিষেবার সঙ্গে তাঁদের যুক্ত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

স্থানীয় ভাবে পাওয়া উপকরণ দিয়ে দীর্ঘ দিন ধরে শীতলপাটি তৈরি করে আসছেন পাটিয়ারা সম্প্রদায়ের মহিলারা। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী জীবনযাত্রার সঙ্গে যুক্ত এই শিল্প তাঁদের সাংস্কৃতিক পরিচয়েরও গুরুত্বপূর্ণ অংশ। তবে সীমিত বাজার, কম বিক্রিমূল্য, নতুন নকশা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব এবং শিক্ষার সীমাবদ্ধতা তাঁদের আয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

এই সমস্যার মোকাবিলায় ইন্ডিয়ান আওয়াজ ফাউন্ডেশনের বরাক ডেভেলপমেন্ট সেন্টারের অধীনে দু’টি বিশেষ কেন্দ্র গড়ার পরিকল্পনা হয়েছে— শিল্পী উদ্যোগ কেন্দ্র এবং শিল্পী ডিজিটাল পরিষেবা কেন্দ্র। প্রথম কেন্দ্রটির মাধ্যমে নতুন নকশা, উন্নত মানের পণ্য তৈরি, পণ্যের মূল্য নির্ধারণ এবং বাজার সম্প্রসারণের বিষয়ে সহায়তা পাবেন শিল্পীরা।

ঐতিহ্যবাহী পাটির পাশাপাশি ঘর সাজানোর সামগ্রী, ব্যাগ ও নানা আনুষঙ্গিক পণ্য তৈরি করে নতুন বাজারে পৌঁছনোর সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। অন্য দিকে, ডিজিটাল পরিষেবা কেন্দ্রের মাধ্যমে শিল্পী ও তাঁদের পরিবারকে সরকারি প্রকল্পের তথ্য, অনলাইন নথিভুক্তি, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি তৈরি এবং বিভিন্ন পরিষেবা পেতে সাহায্য করা হবে। আবেদন থেকে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ পর্যন্ত সহায়তার পরিকল্পনাও রয়েছে।

ইন্ডিয়ান আওয়াজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালন অধিকর্তা মহম্মদ নাজিম আহমেদ বলেছেন, ঐতিহ্যবাহী শিল্পীদের দক্ষতার স্বীকৃতির পাশাপাশি তাঁদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলির দিকেও নজর দেওয়া জরুরি। পাটিয়ারা সম্প্রদায়ের মহিলারা প্রজন্মের পর প্রজন্ম শীতলপাটি বোনার ঐতিহ্য ধরে রেখেছেন। এখন তাঁদের উন্নত বাজার, তথ্য, ডিজিটাল পরিষেবা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার সঙ্গে যুক্ত করা প্রয়োজন।

নাজিমের মতে, বরাক ডেভেলপমেন্ট সেন্টারকে বরাক উপত্যকার বিভিন্ন সম্প্রদায়ের উন্নয়নের প্রয়োজন মেটাতে সক্ষম একটি সম্পদকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। সংস্থাটির মতে, ঐতিহ্যবাহী শিল্প সংরক্ষণের পাশাপাশি তার সঙ্গে যুক্ত মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়ানোও সমান গুরুত্বপূর্ণ।