ডিব্রুগড়, ১০ নভেম্বর: ডিব্রুগড় জেলার টেঙাখাতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক ফার্ম প্রকল্পে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬ হল। চিকিৎসাধীন অবস্থায় আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মৃত শ্রমিকের নাম গোলাপ দত্ত। টেঙাখাতের উল্টন বরদলনির বাসিন্দা গোলাপ অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়েছিলেন। ডিব্রুগড়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়।

গত ৬ নভেম্বর ওই প্রকল্পে একটি শক্তিশালী বিস্ফোরণের পর আগুন লাগে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অপরিশোধিত তেল মজুত রাখার এলাকাতেই বিস্ফোরণটি ঘটেছিল। ঘটনায় বেশ কয়েক জন শ্রমিক গুরুতর দগ্ধ হন।

আহতদের প্রথমে ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁরা মুম্বইয়ের স্পেকট্রন ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেডের কর্মী বলে জানা গিয়েছে। অয়েল ইন্ডিয়ার হয়ে ওই প্রকল্পে কাজ করছিল সংস্থাটি।

আহতদের মধ্যে ছিলেন শৈলেন গগৈ (৪৫), তপস গগৈ (৪০), কুমুদ গগৈ (৩৮) এবং ইন্দ্র গগৈ (৪০)। এর আগে চিকিৎসাধীন অবস্থায় তপস গগৈ ও রূপম গগৈর মৃত্যু হয়েছিল।

বিস্ফোরণ এবং পরবর্তী অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ নির্ণয়ে আরও তথ্যের অপেক্ষা করা হচ্ছে।