লখনউ, ১২ নভেম্বর: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোট গড়লেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এবং আজাদ সমাজ পার্টি (কাঁশীরাম)-এর সভাপতি তথা নাগিনা লোকসভা কেন্দ্রের সাংসদ চন্দ্রশেখর আজাদ। বৃহস্পতিবার লখনউয়ে সাংবাদিক সম্মেলন করে জোটের ঘোষণা করেন তাঁরা।

নতুন জোটের নাম রাখা হয়েছে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’। চন্দ্রশেখর আজাদকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও তুলে ধরা হয়েছে।

দলিত ও সংখ্যালঘু ভোটারদের সমর্থন একত্র করাই দুই দলের লক্ষ্য। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং সমাজবাদী পার্টি-কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ার লক্ষ্যেও এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এর আগে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার জোটে যোগ দিতে আগ্রহ দেখিয়েছিলেন ওয়েইসি। সেই চেষ্টা সফল না হওয়ার পর আজাদ সমাজ পার্টির সঙ্গে জোটের পথে এগোয় এআইএমআইএম।

উত্তরপ্রদেশ বিধানসভায় মোট ৪০৩টি আসন রয়েছে। নতুন মোর্চা কতগুলি আসনে প্রার্থী দেবে, আসন বণ্টনের চূড়ান্ত রূপরেখা কী হবে এবং অন্য কোনও আঞ্চলিক দল জোটে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।

রাজনৈতিক মহলের মতে, দলিত ও সংখ্যালঘু ভোটারের প্রভাব বেশি এমন কেন্দ্রগুলিতে এই নতুন মোর্চার প্রভাব পড়তে পারে।