ওড়িশার চাঁদিপুর উপকূলে বেসরকারি উদ্যোগে তৈরি স্বল্পপাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।
নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে ক্ষেপণাস্ত্রটি। দু’টি পরীক্ষার সময়ই ক্ষেপণাস্ত্রটির কার্যক্ষমতা যাচাই করেন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও-র বিজ্ঞানীরা।
এর আগে ৩ নভেম্বর ক্ষেপণাস্ত্রটির প্রথম পরীক্ষামূলক উড়ান হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় পরীক্ষাতেও নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে ক্ষেপণাস্ত্রটি। এর ফলে ক্ষেপণাস্ত্রটির কার্যক্ষমতার মূল্যায়ন আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উৎপাদন ক্ষেত্রে বেসরকারি সংস্থার অংশগ্রহণের দিক থেকে এই পরীক্ষাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
২০১৭ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল প্রতিরক্ষা উৎপাদনে বেসরকারি সংস্থার অংশগ্রহণের জন্য ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ নীতিতে অনুমোদন দিয়েছিল। এই নীতির আওতায় বেসরকারি সংস্থাগুলিও প্রতিরক্ষা গবেষণা ও উৎপাদনে অংশগ্রহণের সুযোগ পায়।
টাটা, রিলায়েন্স, আদানি, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা এবং লারসেন অ্যান্ড টুব্রোর মতো সংস্থা ইতিমধ্যেই প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ করেছে। চাঁদিপুরের এই সফল পরীক্ষা প্রতিরক্ষা উৎপাদনে বেসরকারি ক্ষেত্রের ক্রমবর্ধমান ভূমিকার দিকটি ফের সামনে আনল।