দরং, ১১ নভেম্বর: প্রয়োজনীয় যোগ্যতা ও স্বীকৃতিপ্রাপ্ত শংসাপত্র ছাড়া রেডিয়োলজিস্ট হিসেবে চিকিৎসা পরিষেবা দেওয়ার অভিযোগে খারুপেটিয়ায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম আতাউর রহমান এবং মইনুদ্দিন আহমেদ।
পুলিশ জানিয়েছে, মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা আতাউর খারুপেটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে অবস্থিত অসম ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। কুয়ারি পুখুরি গ্রামের বাসিন্দা মইনুদ্দিন ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক।
অভিযোগ, বাংলাদেশ থেকে এমবিবিএস ডিগ্রি পাওয়া আতাউর প্রয়োজনীয় যোগ্যতা ও স্বীকৃতিপ্রাপ্ত শংসাপত্র ছাড়াই রেডিয়োলজিস্ট হিসেবে কাজ করছিলেন। দীর্ঘদিন ধরে রোগীদের পরীক্ষার রিপোর্টে রেডিয়োলজিস্ট হিসেবে তিনি স্বাক্ষরও করেছেন বলে অভিযোগ।
অসম মেডিক্যাল কাউন্সিলের অভিযোগের ভিত্তিতে খারুপেটিয়া পুলিশ দু’জনকেই গ্রেফতার করে। প্রি-কনসেপশন অ্যান্ড প্রি-নেটাল ডায়াগনস্টিক টেকনিকস আইনের বিধি ভাঙার অভিযোগে অসম মেডিক্যাল কাউন্সিলের ভুয়ো চিকিৎসক-বিরোধী ও নজরদারি আধিকারিকের নির্দেশে কেন্দ্রটি বন্ধ করে সিল করা হয়েছে।
ডায়াগনস্টিক সেন্টারের বাইরে টাঙানো ফলকে ডাঃ অর্জুন শর্মা ও ডাঃ অভিনব ভট্টাচার্যের নাম ছিল। ফলকে ডাঃ ভট্টাচার্যের যোগ্যতা হিসেবে স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যায় এমএস ডিগ্রির উল্লেখও ছিল। ঘটনার তদন্ত চলছে।