বীর বিলিং, হিমাচল প্রদেশ: প্যারাগ্লাইডিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল গ্রেটার নয়ডার যুবক শুভম ডোবলিয়ালের। মঙ্গলবার বিকেলে উড়ানের কিছু ক্ষণের মধ্যেই প্যারাগ্লাইডারের নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশো ফুট নীচে পড়ে যান তিনি বলে পরিবারের অভিযোগ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ভাইবোনদের সঙ্গে হিমাচল প্রদেশে বেড়াতে গিয়েছিলেন শুভম। তিনি ওএনজিসিতে কর্মরত ছিলেন। প্যারাগ্লাইডিংয়ের প্রতি আগ্রহ থাকায় বীর বিলিঙে এই দুঃসাহসিক খেলায় অংশ নিয়েছিলেন তিনি।

মঙ্গলবার বিকেল প্রায় ৪টে নাগাদ পাইলট বিনয় কুমারের সঙ্গে আকাশে ওড়েন শুভম। পরিবারের সদস্যদের দাবি, উড়ানের কিছু ক্ষণের মধ্যেই প্যারাগ্লাইডারের নিয়ন্ত্রণ হারিয়ে যায়।

পরে বীর বিলিঙের কাছে ঘারাড়ি ধর এলাকার পাহাড়ি জঙ্গল থেকে রাতে শুভমের দেহ উদ্ধার হয়। তাঁর বোন বংশিকা জানিয়েছেন, সেই সময় তাঁরাও প্যারাগ্লাইডিং করছিলেন। হঠাৎ তাঁরা শুভমকে নীচে পড়ে যেতে দেখেন।

পরিবারের আরও অভিযোগ, শুভমের গোপ্রো ক্যামেরাটিরও খোঁজ মেলেনি। সেই ক্যামেরায় দুর্ঘটনার দৃশ্য ধরা পড়ে থাকতে পারে বলে তাঁদের সন্দেহ। পাইলটের ক্যামেরাতেও ঘটনার ছবি ধরা পড়েছিল বলে দাবি করে বংশিকা অভিযোগ করেছেন, সেই ফুটেজ দেখাতে অস্বীকার করেছেন পাইলট।

ঘটনায় পাইলটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি উঠেছে।