নয়াদিল্লি, ১২ নভেম্বর: বিদেশি আদালতের দেওয়া বিবাহবিচ্ছেদের রায় ভারতে স্বয়ংক্রিয়ভাবে বৈধ বলে গণ্য করা যাবে না বলে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। ভারতে হিন্দু রীতি মেনে প্রথম বিয়ের পরে বিদেশি নাগরিকত্ব নিয়ে অন্য দেশের আদালত থেকে বিবাহবিচ্ছেদের রায় পেলেও, দ্বিতীয় বিয়ের জন্য বহুবিবাহের মামলার মুখোমুখি হতে পারে বলে জানিয়েছে আদালত।
বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চ এন শ্রীধর রেড্ডির আবেদন খারিজ করে এই রায় দিয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে আইনসম্মত বিবাহবিচ্ছেদ না করেই দ্বিতীয় বিয়ে করার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা বাতিলের আবেদন করেছিলেন রেড্ডি।
রেড্ডির দাবি ছিল, তিনি ব্রিটেনের নাগরিক এবং কেমব্রিজ কাউন্টি কোর্ট তাঁর প্রথম বিয়ের বিবাহবিচ্ছেদের রায় দিয়েছিল। তাই ভারতে তাঁর বিরুদ্ধে বহুবিবাহের মামলা চলতে পারে না। সুপ্রিম কোর্ট অবশ্য সেই যুক্তি মানেনি।
বেঞ্চ জানিয়েছে, রেড্ডির প্রথম বিয়ে ভারতে হিন্দু রীতি মেনে হয়েছিল। ফলে ওই বিয়ের বৈধতা ও বিবাহবিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন নিষ্পত্তির এক্তিয়ার ভারতের উপযুক্ত বৈবাহিক আদালতেরই রয়েছে।
আদালতের পর্যবেক্ষণ, রেড্ডি প্রথমে অন্ধ্রপ্রদেশের গুন্টুরের দেওয়ানি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। সেখানে প্রয়োজনীয় সুরাহা না পেয়ে তিনি হাই কোর্টে আবেদন করেন, যদিও পরে তা প্রত্যাহার করে নেন। তার পরে ব্রিটেনের নাগরিকত্ব নিয়ে বিদেশি আদালতের দ্বারস্থ হন তিনি।
কেমব্রিজ কাউন্টি কোর্ট ২০১৪ সালের ২৯ জানুয়ারি বিবাহের অপূরণীয় ভাঙনের ভিত্তিতে বিবাহবিচ্ছেদের রায় দিয়েছিল। কিন্তু হিন্দু বিবাহ আইনে এই কারণটি নিজে থেকেই বিবাহবিচ্ছেদের স্বীকৃত আইনি ভিত্তি নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
আদালত বলেছে, ভারতীয় আইনের সঙ্গে সংঘাতপূর্ণ অথবা ভারতীয় বিবাহ আইনে স্বীকৃত নয় এমন ভিত্তিতে বিদেশি আদালতের দেওয়া রায় ভারতে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি পাবে না। দেওয়ানি কার্যবিধির ১৩ নম্বর ধারায় বিদেশি আদালতের রায় গ্রহণযোগ্য হওয়ার জন্য নির্দিষ্ট আইনি শর্ত পূরণের কথা বলা হয়েছে।
প্রথম স্ত্রী গীতা প্রশান্তি বিদেশি আদালতের এক্তিয়ার নিয়ে আপত্তি তুলেছিলেন বলেও উল্লেখ করেছে বেঞ্চ। ফলে কেমব্রিজ কাউন্টি কোর্টের রায় তাঁর ক্ষেত্রে বাধ্যতামূলক হতে পারে না। আদালত আরও জানিয়েছে, দ্বিতীয় বিয়ে বিদেশে হলেও প্রথম বিয়ের বৈধতা এবং সেই বিয়ে থেকে তৈরি আইনি দায় এড়ানো যায় না।
প্রথম বিয়ে বহাল থাকাকালীন দ্বিতীয় বিয়ে করলে ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ নম্বর ধারায় সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের সংস্থান ছিল। ২০২৪ সাল থেকে কার্যকর ভারতীয় ন্যায় সংহিতার ৮২ নম্বর ধারায় একই ধরনের অপরাধের বিধান রাখা হয়েছে।