গোলাঘাট জেলার দেরগাঁওয়ে ১৯৯০ সালে বাংলাদেশে ঘটে যাওয়া একটি খুনের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মাসুক মিঞা ওরফে মাসুক আহমেদ।
পুলিশের দাবি, বুধবার গভীর রাতে নাহোরণির বোরেঘরিয়া গ্রাম থেকে তাঁকে ধরা হয়। তিনি ভুয়ো নথি ব্যবহার করে ‘ফারুক আহমেদ’ নামে অসমে বসবাস করছিলেন বলে অভিযোগ।
তদন্তকারীদের বক্তব্য, খুনের ঘটনার পরে মাসুক বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন এবং গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। নিজের অতীত গোপন করতে তিনি নাম ও ঠিকানা বদলেছিলেন বলেও পুলিশ জানিয়েছে। ভারতে তাঁর কোনও পরিচয়পত্রই আসল নয় বলে দাবি তদন্তকারীদের।
দেরগাঁও পুলিশের এক আধিকারিক জানান, প্রায় দেড় বছর আগে ওই ব্যক্তি এলাকায় থাকতে শুরু করেছিলেন। পরে কিছু দিনের জন্য তিনি উধাও হয়ে যান। আধিকারিকের কথায়, “এখানে ব্যবসার কাজে অনেকেই আসেন। তাই তিনি যে বাংলাদেশের নাগরিক, সে বিষয়ে আমাদের সন্দেহ হয়নি।”
প্রায় ছয় মাস অনুপস্থিত থাকার পরে গ্রামবাসীদের সন্দেহ হয়। তাঁরা জানতে পারেন, ওই ব্যক্তি ১৯৯০ সালে বাংলাদেশে খুনের ঘটনার পরে ভারতে পালিয়ে এসেছেন। তিন দিন আগে তাঁকে ফের এলাকায় দেখতে পেয়ে গ্রামবাসীরা পুলিশকে খবর দেন। ওই আধিকারিক বলেন, “গ্রামবাসীদের কাছ থেকে খবর পাওয়ার পরে আমরা ওসি বসন্ত হাজরিকা এবং সীমান্তের ডেপুটি পুলিশ সুপারের সঙ্গে কথা বলি। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়।”
গ্রামবাসীদের দেওয়া তথ্যে উল্লেখ ছিল, বাংলাদেশের পুলিশ তাঁকে আগে গ্রেফতার করেছিল। প্রাথমিক জেরায় মাসুক স্বীকার করেছেন যে, ২০০৫ সালে তিনি ভুয়ো নথি সংগ্রহ করেছিলেন। তাঁর এক তুতো ভাই ২ লক্ষ টাকার বিনিময়ে সেই নথির ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ।
পুলিশের দাবি, ওই ভুয়ো পরিচয় ব্যবহার করেই তিনি গোলাঘাট জেলার দেরগাঁওয়ের নাহোরণিতে বসবাস করছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।