গুয়াহাটি, ১২ নভেম্বর: প্রয়াত শিল্পী জুবিন গর্গের প্রতি সম্মান ও মর্যাদা অটুট রাখা এবং তাঁর স্মৃতি ও অবদানকে আরও বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ২২ নভেম্বর খানাপাড়ায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন কণ্ঠশিল্পী মানস রবিন।
‘আমি জুবিনদার বাবে’ শীর্ষক অনুষ্ঠানটি ২২ নভেম্বর, রবিবার খানাপাড়ার ভেটেরিনারি খেলার মাঠে হবে। দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। সকলকে এতে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন মানস রবিন।
জুবিন গর্গের জন্য ন্যায়বিচারের দাবিতে ডাকা বিভিন্ন কর্মসূচিতে মানুষের সীমিত উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মানসের বক্তব্য, কখনও মাত্র ২০ জন বা ১০০ জনকে এই ধরনের কর্মসূচিতে দেখা যায়। কোথাও কোথাও জোর করে লোক জড়ো করার অভিযোগও ওঠে।
জুবিন গর্গ শুধু গানের জন্য নন, জ্ঞান, হৃদয়, সমৃদ্ধি এবং জনপ্রিয়তার দিক থেকেও এক বিশাল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।
মানস রবিন বলেন, জীবিত অবস্থায় জুবিনকে দেখতে মানুষের ভিড় হত। সেই শিল্পীর জন্য ন্যায়বিচার চাওয়ার ক্ষেত্রে এমন কম উপস্থিতি তাঁকে ব্যথিত করে। জুবিন গর্গের মৃত্যুর পরের কিছু ঘটনা তাঁকে উদ্বিগ্ন করেছে বলেও জানান তিনি।
নিজেকে জুবিন গর্গের প্রত্যক্ষ ভাবে উপকৃত ব্যক্তি বলে উল্লেখ করে মানস বলেন, জুবিন না থাকলে তাঁর নিজের জীবন কেমন হত, তার সরাসরি উত্তর তাঁর কাছে নেই। গত ৩০ বছরে শিল্পীর কাছ থেকে পাওয়া স্নেহ ও বিশ্বাসের কথা স্মরণ করিয়ে, ওই বিশ্বাসের ভিত্তিতেই মানুষকে অনুষ্ঠানে আসার অনুরোধ করেছেন তিনি।
জুবিন গর্গ যত বড় শিল্পী ছিলেন, তাঁকে অসমের মানুষের মধ্যে আরও বড় করে বাঁচিয়ে রাখতে সকলের একসঙ্গে বসে আলোচনা ও পরিকল্পনা করা দরকার বলে মনে করেন মানস রবিন। তাঁর কথায়, এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল আশাব্যঞ্জক ও ইতিবাচক আলোচনার পরিবেশ তৈরি করা। কোনও ভেদাভেদ না রেখে সকলকে ২২ নভেম্বরের অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।