নয়াদিল্লি, ১৩ নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তাঁর ফোন ট্যাপ করার অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার সমাজমাধ্যমে এক প্রশ্নোত্তর পর্বে তাঁর দাবি, ফোনে থাকা তথ্য সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত, কারণ তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে।

কংগ্রেসের প্রকাশ করা একটি ভিডিওতেও একই অভিযোগ করেছেন রাহুল। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি প্রকাশ্য বিতর্ক হলে কে বিদেশি শক্তির প্রভাবে কাজ করছেন এবং কে দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত, তা স্পষ্ট হবে।

আমার তোলা অভিযোগের প্রমাণ আমার ফোনেই রয়েছে। প্রধানমন্ত্রী যে কোনও সময়, যে কোনও জায়গায় আমার সঙ্গে বিতর্কে বসতে পারেন।

ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, সংসদে বিতর্কের সুযোগ থাকা সত্ত্বেও কেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা প্রকাশ্য বিতর্ক চাইছেন। জবাবে রাহুলের অভিযোগ, সংসদে তাঁকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বলতে দেওয়া হয়নি এবং তাঁর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছিল।

কৃষি আইন, ভোট চুরি, বিশেষ সংশোধন (এসআইআর), চীন এবং জেনারেল এম এম নরবণের বইয়ের প্রসঙ্গও তোলেন তিনি। দীর্ঘ বক্তৃতার বদলে প্রশ্নোত্তর ও মুখোমুখি আলোচনার মাধ্যমে দুই নেতা সরাসরি নিজেদের বক্তব্য ও অভিযোগ তুলে ধরুন, এমনই প্রস্তাব দিয়েছেন রাহুল।

বিতর্কের বিচারক হিসেবে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি অথবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতকে রাখা হলেও তাঁর আপত্তি নেই বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা।

এর আগে রাহুলের বিতর্কের চ্যালেঞ্জের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে সংসদেই অভিযোগ ও যুক্তি পেশ করার আহ্বান জানিয়েছিলেন। বিজেপি নেতারাও সংসদকে বিতর্কের উপযুক্ত মঞ্চ বলে দাবি করেছেন। তবে ফোন ট্যাপের অভিযোগের সমর্থনে প্রশ্নোত্তর পর্বে কোনও কারিগরি প্রমাণ প্রকাশ্যে আনেননি রাহুল।