তুরা, ১২ নভেম্বর: অসম ও মেঘালয়ের সম্পর্ক শুধু ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নয়। দুই রাজ্যের মধ্যে ইতিহাস, সংস্কৃতি ও আবেগের গভীর যোগ রয়েছে বলে মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বৃহস্পতিবার মেঘালয়ের তুরায় গারো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ওয়াংলা উৎসবের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
পশ্চিম গারো হিলস জেলার গারো হেরিটেজ ভিলেজে অনুষ্ঠিত ওয়াংলা উৎসবের ৫০তম আসরে মুখ্য অতিথি ছিলেন হিমন্ত। অনুষ্ঠানে প্রায় ১,০০০টি ঢোল ও ২,০০০ নৃত্যশিল্পী অংশ নেন।
ওয়াংলা উৎসব অসম ও মেঘালয়ের ঐতিহ্য উদ্যাপনের পাশাপাশি দুই রাজ্যের মানুষের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ করে দিয়েছে, বলেন হিমন্ত।
নতুন প্রজন্মকে মাতৃভাষা, পরম্পরা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আধুনিক শিক্ষা, প্রযুক্তি এবং কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার উপরও জোর দেন মুখ্যমন্ত্রী।
ওয়াংলাকে কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান বা পর্যটকদের আকর্ষণ হিসেবে না দেখে, স্থানীয় জ্ঞান, চিরাচরিত বিশ্বাস ও প্রকৃতির সঙ্গে জনগোষ্ঠীগুলির সম্পর্কের জীবন্ত প্রকাশ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানান তিনি।
১৯৭৫ সালে তুরার চান্দমারি খেলার মাঠে মাত্র ১০টি ঢোল নিয়ে ওয়াংলা উৎসবের সূচনা হয়েছিল। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন উইলিয়ামসন এ সাংমার পরামর্শে পরে তা ১০০ ঢোলের উৎসবে বিস্তৃত হয়।
‘১০০ ঢোলের উৎসব’ নামেও পরিচিত ওয়াংলা গারো জনগোষ্ঠীর প্রধান ফসল কাটার উৎসব। কৃষিজ ফসলের জন্য প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য ও নানা আচার পালনের মাধ্যমে উৎসবটি উদ্যাপিত হয়। ১১ থেকে ১৪ নভেম্বরের এই উৎসবে মেঘালয়ের কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী টিমোথি ডি শিরা এবং ওয়াংলা উৎসব উদ্যাপন সমিতির সভাপতি রোনাল্ড রেকমেন সাংমা-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।