বিশ্বনাথ, ১৪ নভেম্বর: আগামী এপ্রিলে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বিশ্বনাথ ঘাট থেকে ব্রহ্মপুত্রের বুকে অবস্থিত ঐতিহাসিক নদীদ্বীপ উমাটুমনি পর্যন্ত নির্মীয়মাণ রোপওয়ে। শনিবার প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনের পরে এই ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

দু’দিনের কর্মসূচিতে বিশ্বনাথ জেলায় এসে মুখ্যমন্ত্রী বহু প্রতীক্ষিত রোপওয়ে প্রকল্পটির নির্মাণকাজের অগ্রগতি খতিয়ে দেখেন। প্রায় ৫৯ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ এই রোপওয়ের দৈর্ঘ্য ৪৪৬ মিটার।

প্রকল্পটি চালু হলে বিশ্বনাথ ঘাট থেকে ব্রহ্মপুত্রের মাঝখানে থাকা ঐতিহাসিক উমাটুমনি দ্বীপে যাতায়াত অনেক সহজ হবে বলে জানানো হয়েছে। এর ফলে এলাকার পর্যটন ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে এবং পর্যটকদের আকর্ষণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

জেলার স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিশ্বনাথ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অনুমোদনের জন্য আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিক ভাবে আবেদন করা হবে।

বিশ্বনাথে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে একটি আন্তঃরাজ্য বাস টার্মিনাস তৈরির সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। সরকার সিদ্ধান্ত নিলে বিশ্বনাথে যে কোনও সময় এমন বাস টার্মিনাস নির্মাণ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।