জাগীরোড, ১৩ নভেম্বর: মরিগাঁও জেলার জাগীরোডের শিলচাঙে ভোররাতে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। হাতিটির মাথায় দু’টি গুলির চিহ্ন মিলেছে বলে স্থানীয়দের দাবি। তাঁদের আশঙ্কা, চোরাশিকারিদের গুলিতেই হাতিটির মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, খোলাহাট বনাঞ্চল থেকে দলের সঙ্গে খাবারের সন্ধানে জনবসতিপূর্ণ এলাকায় নেমে এসেছিল হাতিটি। সেই সময় চোরাশিকারিদের গুলিতে জখম হয়ে হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। পরে গুয়াহাটির খানাপাড়া পশুচিকিৎসা মহাবিদ্যালয় থেকে আসা চিকিৎসকদের একটি দল হাতিটির ময়নাতদন্ত করে।

অসম পুলিশের বিশেষ শাখার কর্মীরা মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে হাতিটির মাথায় গুলি থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গিয়েছে। বন দফতরের কর্মী ও পুলিশের উপস্থিতিতেই পরীক্ষা করা হয়।

স্থানীয়দের সন্দেহ, মেঘালয়ের চোরাশিকারিরা হাতিটিকে গুলি করে মেরেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মৃত্যুর কারণ এবং জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

এর আগে গত ১২ মে টোপাতলি বনাঞ্চলেও গুলিবিদ্ধ অবস্থায় একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনাতেও মেঘালয়ের চোরাশিকারিদের জড়িত থাকার অভিযোগ উঠেছিল।