রৌতা, ১৩ নভেম্বর: রৌতা পুরসভা ভেঙে দেওয়ার দাবিতে বড়সড় অবস্থান-ধর্মঘট করল রৌতা গ্রাম্য সুরক্ষা সমিতি। তিন মাস আগে গঠিত ওই পুরসভা অতিসত্বর ভেঙে দেওয়ার দাবি তুলেছে সংগঠনটি।
সমিতির অভিযোগ, রৌতার সাধারণ মানুষের অজান্তেই মুষ্টিমেয় কিছু লোক পুরসভা গঠন করেছেন। পুরসভার আওতায় হাজার হাজার বিঘা কৃষিজমি অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও দাবি তাদের। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিক্ষোভকারীরা।
সমিতির বক্তব্য, এলাকার আর্থিক উন্নয়ন না করেই সাধারণ চাষিদের উপর পুরসভার করের বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই কারণেই পুরসভা ভেঙে দেওয়ার দাবি জানানো হয়েছে।
পুরসভা ভেঙে দেওয়ার দাবিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে রৌতা গ্রাম্য সুরক্ষা সমিতি। যে কোনও মূল্যে পুরসভা ভেঙে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।
সরকারকে মানুষের প্রতিবাদের ভাষা বুঝতে হবে। তা না হলে আসন্ন রৌতা পরিষদীয় কেন্দ্রের উপনির্বাচনে শাসকপক্ষ রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়বে বলে সতর্ক করেছেন বিক্ষোভকারীরা।