গুয়াহাটি, ১৫ নভেম্বর: অসমে মাধ্যমিক স্তরে, অর্থাৎ নবম ও দশম শ্রেণিতে স্কুলছুটের হার কমে ১৪.৩ শতাংশে নেমেছে। তবে ইউডিআইএসই প্লাস ২০২৫-২৬-এর তথ্য অনুযায়ী, এই হার এখনও জাতীয় গড় ৯.৫ শতাংশের চেয়ে অনেক বেশি।
মাধ্যমিক স্তরে ছেলে পড়ুয়াদের স্কুলছুটের হার ১৪.৭ শতাংশ এবং মেয়েদের ক্ষেত্রে ১৩.৯ শতাংশ। অর্থাৎ, এই স্তরে মেয়েদের তুলনায় ছেলেদের স্কুল ছাড়ার প্রবণতা বেশি।
প্রাথমিক স্তরে অসমে স্কুলছুটের হার ১.৪ শতাংশ, যেখানে জাতীয় গড় ০.৩ শতাংশ। উচ্চ প্রাথমিক স্তরে রাজ্যের হার ৪.৩ শতাংশ, জাতীয় গড় ৩.৬ শতাংশ।
উচ্চমাধ্যমিক স্তরেও নামভর্তির ক্ষেত্রে অসমের অবস্থান দুর্বল বলে তথ্য থেকে উঠে এসেছে। ওই স্তরে রাজ্যের মোট নামভর্তির অনুপাত ৪৫.১ শতাংশ, যেখানে জাতীয় গড় ৬১.৭ শতাংশ।
তথ্য থেকে ইঙ্গিত, প্রাথমিক স্তরে নামভর্তিতে অগ্রগতি হলেও অষ্টম শ্রেণির পর পড়ুয়াদের স্কুলে ধরে রাখা অসমের সামনে এখনও বড় চ্যালেঞ্জ।