গুয়াহাটি, ১৫ নভেম্বর: মার্কিন হার্ড রক ব্যান্ড গানস এন’ রোজেসের কনসার্ট ঘিরে ১৭ নভেম্বর, মঙ্গলবার খানাপাড়ায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা করেছে গুয়াহাটি ট্রাফিক পুলিশ। পশুচিকিৎসা মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের সময় যানজট এড়ানো, দর্শকদের নিরাপত্তা এবং জরুরি গাড়ির চলাচল স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ করা হয়েছে।

ওই দিন বিকেল ৩টে থেকে ছয়মাইল উড়ালপুলের নীচ থেকে খানাপাড়া রোটারি পর্যন্ত জি এস রোডে এবং ছয়মাইল উড়ালপুলের নীচ থেকে জয়ানগর চারালি হয়ে বালুঘাটের ত্রিপুরা গলি পর্যন্ত বাণিজ্যিক পণ্যবাহী ও ধীরগতির যান চলাচল বন্ধ থাকবে। বিকেল ২টো থেকে প্রিজন গেট পয়েন্ট থেকে কইনাধরা পয়েন্ট পর্যন্ত দু’দিকের রাস্তা, কেন্দ্রীয় বিদ্যালয় খানাপাড়া থেকে এ পি এস সি পয়েন্ট এবং রোহিকার দিকের সার্ভিস লেনে এন এইচ-২৭-এর কইনাধরা পয়েন্ট থেকে খানাপাড়া রোটারি পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত হবে।

জি এস রোডে ছয়মাইল উড়ালপুলের নীচ থেকে খানাপাড়া রোটারি, ছয়মাইল উড়ালপুলের নীচ থেকে জয়ানগর চারালি, জয়ানগর চারালি থেকে ত্রিপুরা গলি-বালুঘাট এবং জয়ানগর চারালি থেকে এ পি এস সি পয়েন্ট তথা বিজ্ঞান সংগ্রহালয় পর্যন্ত রাস্তার দু’ধারে পার্কিং নিষিদ্ধ। এ ছাড়া ত্রিপুরা গলি-বালুঘাট থেকে খানাপাড়া রোটারি পর্যন্ত এন এইচ-২৭ ও সার্ভিস রোড, খানাপাড়া রোটারি থেকে কিয়া সার্ভিস সেন্টারের কাছে পিংকু কাটিং এবং খানাপাড়া রোটারি থেকে গ্রিনউড রিসর্ট পর্যন্ত এন এইচ-২৭-এর দু’দিকেও গাড়ি রাখা যাবে না।

জি এস রোড দিয়ে আসা দর্শকদের জন্য দিসপুরের কৃষি ভবন, জ্যোতি-বিষ্ণু আন্তর্জাতিক কলামন্দির, ভেটেরিনারি ফার্ম গেট, অসম চুক্তি ক্ষেত্র, ভেটেরিনারি কলেজ ক্যাম্পাস এবং খানাপাড়ার অসম প্রশাসনিক আধিকারিক মহাবিদ্যালয়ে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

উজনি অসম ও মেঘালয় থেকে আসা দর্শকেরা এন এইচ-২৭-এর মুকুট, দেবাশী ও পিংকু পার্কিং এবং বশিষ্ঠ মন্দির রোডে গাড়ি রাখতে পারবেন। নামনি অসম, এন এইচ-২৭, বেলতলা ও জয়ানগর চারালি হয়ে আসা দর্শকদের জন্য বশিষ্ঠের ত্রিপুরা গলি-বালুঘাট, ত্রিপুরা গলির জুডিও শোরুমের কাছে, লীলা টাওয়ারের পাশের ব্যক্তিগত পার্কিং এবং অসম প্রশাসনিক আধিকারিক মহাবিদ্যালয়ের কাছে কেন্দ্রীয় বিদ্যালয়ে পার্কিং নির্ধারিত হয়েছে। দু’চাকার গাড়ির জন্য বেলতলা বিহুতলি মাঠ, জিএমসি পার্কিং ও মিনি আইএসবিটিতে ব্যবস্থা থাকবে।

সিলভার টিকিটধারীরা পুরনো সি পি অফিস রোডের ৫ থেকে ৯ নম্বর গেট দিয়ে ঢুকবেন। এন এইচ-২৭ থেকে এলে কইনাধরা পয়েন্টে এবং জি এস রোড থেকে এলে এ পি এস সি পয়েন্টে তাঁদের গাড়ি থেকে নামতে হবে। গোল্ড টিকিটধারীদের জন্য এ পি এস সির সামনের ওয়াকিং জোনের ১১ নম্বর গেট নির্ধারিত। তাঁদেরও জি এস রোড থেকে এলে এ পি এস সি পয়েন্টে এবং এন এইচ-২৭ থেকে এলে কইনাধরা পয়েন্টে গাড়ি থেকে নামতে হবে। প্ল্যাটিনাম লাউঞ্জ টিকিটধারীরা অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অতিথিশালার কাছে এন এইচ-২৭-এর সার্ভিস রোডের ৪ নম্বর গেট দিয়ে ঢুকবেন এবং ওই সার্ভিস রোডেই গাড়ি থেকে নামতে পারবেন।

ক্যাব ও র‍্যাপিডো-সহ ভাড়ার গাড়ির জন্য পৃথক যাত্রী নামানো ও ওঠানোর স্থান করা হয়েছে। জি এস রোডের দিক থেকে আসা ক্যাব জ্যোতি-বিষ্ণু আন্তর্জাতিক কলামন্দিরের ১ নম্বর গেটে যাত্রী নামিয়ে শিলগ্রাম হয়ে পাঞ্জাবারীর দিকে যাবে। এন এইচ-২৭ থেকে আসা ক্যাব কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে যাত্রী নামিয়ে কইনাধরা পয়েন্টের দিকে এগোবে।

গাড়ি থেকে যাত্রী নামানোর পরে সব গাড়িকেই নির্দিষ্ট পার্কিং এলাকায় রাখতে হবে। পার্কিং সীমিত হওয়ায় যতটা সম্ভব গণপরিবহণ ব্যবহার করার আবেদন জানিয়েছে ট্রাফিক পুলিশ। আগে এলে আগে পার্কিংয়ের সুযোগ মিলবে। জরুরি পরিষেবার গাড়ি, দমকল, অ্যাম্বুল্যান্স, জীবনদায়ী ওষুধ এবং অক্সিজেন সিলিন্ডারবাহী গাড়ি, স্কুলবাস, দুধবাহী গাড়ি ও স্থানীয় বাসিন্দাদের চলাচল এই নিয়ন্ত্রণের আওতার বাইরে রাখা হয়েছে।