অমিতাভ বচ্চনের বাড়ির সামনে গুলি চালানোর পরিকল্পনার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল। ধৃতদের এক জন অমৃতসরের ইনস্টাগ্রাম-খ্যাত ব্যক্তি মাড সন্ধু খুনের মামলাতেও জড়িত বলে পুলিশের সন্দেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদেশে থাকা এক গ্যাংস্টারের নির্দেশে অভিযুক্ত দীপক সিংহ ওরফে দীপক মুম্বইয়ে বেশ কিছু দিন থাকার পরিকল্পনা করেছিলেন। অমিতাভের বাড়ির সামনে গুলি চালানোই তাঁর লক্ষ্য ছিল বলে অভিযোগ।
১৯৮৪ সালের শিখ-বিরোধী হিংসা নিয়ে অমিতাভের করা বলে দাবি করা একটি মন্তব্যের প্রতিশোধ নিতেই হামলার ছক কষা হয়েছিল বলে পুলিশ সূত্রের দাবি। যদিও এ ধরনের কোনও মন্তব্য করার কথা বরাবরই অস্বীকার করে এসেছেন অমিতাভ।
অন্য ধৃত বিকাশ ঠাকুর ওরফে ভিকির বয়স ২৫ বছর। তিনি পঞ্জাবের জলন্ধরের বাসিন্দা। দীপক পঞ্জাবের তরণ তারণের বাসিন্দা। দিল্লি ও মুম্বইয়ে পৃথক অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল।
পুলিশের দাবি, এক ব্যবসায়ীকে লক্ষ্য করে তোলাবাজির উদ্দেশ্যে গুলি চালাতে মুম্বই থেকে দিল্লিতে এসেছিলেন বিকাশ। পরিকল্পনা কার্যকর হওয়ার আগেই তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মুম্বই থেকে দীপককে গ্রেপ্তার করা হয়।
গত ৩ অক্টোবর অমৃতসরে খুন হন ইনস্টাগ্রাম-খ্যাত ব্যক্তি মাড সন্ধু। পুলিশের অভিযোগ, ওই হামলায় দীপক এবং তাঁর সহযোগী পালবিন্দর ওরফে কাকার ভূমিকা ছিল। পালবিন্দরকে আগেই গ্রেপ্তার করেছে পঞ্জাব পুলিশ।
ঘটনায় অস্ত্র আইনের অধীনে মামলা রুজু হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ।