পুনে, ১৫ নভেম্বর: পুনে থেকে গুয়াহাটি যাওয়ার পথে ইন্ডিগোর একটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। উড়ানের কিছুক্ষণ পরেই পাইলট জানতে পারেন, বিমানের ল্যান্ডিং গিয়ার বেরিয়ে রয়েছে। পরে বিমানটিকে পুনে বিমানবন্দরেই ফিরিয়ে আনা হয়।

ইন্ডিগোর ৬ই ০৬২৩ নম্বর ওই বিমানে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ১৯২ জন ছিলেন। পাইলট বিষয়টি বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রকে জানানোর পর বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৯টা ৪ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।

জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্র, ইন্ডিগো এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করে। ভারতীয় বায়ুসেনাও পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধার ও নিরাপত্তার প্রস্তুতি নেয়। অগ্নিনির্বাপক বাহিনী, অ্যাম্বুল্যান্স এবং উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছিল।

অবতরণের আগে বিমানটিকে রানওয়ের উপর দিয়ে কম উচ্চতায় উড়িয়ে ল্যান্ডিং গিয়ারের অবস্থা পরীক্ষা করা হয়। পরীক্ষার পর বিমানটিকে নিরাপদে নামানোর সিদ্ধান্ত হয়।

বিমানটি থামার পরে এয়ারোব্রিজ লাগিয়ে যাত্রী ও বিমানকর্মীদের নিরাপদে বাইরে নিয়ে আসা হয়। ইন্ডিগো এক বিবৃতিতে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, যাত্রীদের পরিস্থিতি সম্পর্কে সময়মতো জানানো হচ্ছিল।