ডিব্রুগড়, ১৫ নভেম্বর: ঠাকুমার শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য আদালতের কাছ থেকে এক দিনের প্যারোল পেয়েও উপস্থিত থাকতে পারলেন না খাদুর সাহিবের সাংসদ অমৃতপাল সিং। এ নিয়ে ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁর আইনজীবী করমবীর সিং পান্নু।

আইনজীবীর অভিযোগ, অমৃতপালের ঠাকুমার মৃত্যুর পরে পরিবার শেষকৃত্যের দিন পিছিয়ে ২০ নভেম্বর করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী প্যারোলের তারিখ বদলের জন্য সংশোধিত আবেদন জমা দিতে গেলে কারাগার কর্তৃপক্ষ তা নিতে অস্বীকার করে।

অমৃতপালের ঠাকুমা চরণ কউরের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য অমৃতসরের একটি আদালত ১৪ নভেম্বর তাঁকে এক দিনের প্যারোল মঞ্জুর করেছিল। কিন্তু ডিব্রুগড় থেকে পঞ্জাবে তাঁকে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করার মতো যথেষ্ট সময় নেই বলে কারাগার কর্তৃপক্ষ জানিয়েছিল। ফলে শেষকৃত্যে যোগ দিতে পারেননি তিনি।

পরিবারের তরফে ২০ নভেম্বর শেষকৃত্য এবং ২২ নভেম্বর ধর্মীয় প্রার্থনার দিন ঠিক করা হয়েছে। আইনজীবীদের দলটি সোমবার ফের আদালতের দ্বারস্থ হয়ে নতুন তারিখে প্যারোলের অনুমতি চাইবে।

প্রয়োজনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন আইনজীবী। ২০২৩ সালের এপ্রিল থেকে ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন অমৃতপাল।