লখনউ, ১৫ নভেম্বর: হিন্দুদের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য ইসলাম ধর্ম থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করলেন উত্তরপ্রদেশের বিধায়ক তথা জনসত্তা দল (লোকতান্ত্রিক)-এর প্রধান কুঁয়ার রঘুরাজ প্রতাপ সিংহ ওরফে রাজা ভাইয়া।
হিন্দুদের একত্রিত করার কোনও আদর্শ আছে কি না, এই প্রশ্নের উত্তরে রাজা ভাইয়া বলেন, ইসলাম ধর্ম থেকে ঐক্যের শিক্ষা নিতে হবে। তাঁর বক্তব্য, বহু মুসলিম কংগ্রেস, সমাজবাদী পার্টি, এমনকি বামপন্থী দলেও রয়েছেন। কিন্তু রাজনৈতিক পরিচয় আলাদা হলেও তাঁদের কাছে ইসলাম ধর্মই অগ্রাধিকার পায়।
রাজা ভাইয়ার মতে, হিন্দুদের কোনও একটি রাজনৈতিক দলের গণ্ডিতে নিজেদের সীমাবদ্ধ রাখা উচিত নয়। হিন্দুত্বের প্রশ্নে রাজনৈতিক দলের ঊর্ধ্বে নিজেদের পরিচয় ও বিশ্বাসকে স্থান দেওয়া দরকার।
হিন্দুত্বের নামে রাজনৈতিক দলগুলির মধ্যে বিভাজন প্রসঙ্গে তিনি বলেন, একটি বা দু’টি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ রাজনৈতিক দলই হিন্দুদের মধ্যে ঐক্য চায় না।
কুণ্ডায় ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর রামকথা আয়োজনের বিরোধিতার দাবিকে অসাংবিধানিক বলেও মন্তব্য করেছেন রাজা ভাইয়া। এ বিষয়ে তিনি সংবিধানের ২৫ ও ২৬ নম্বর অনুচ্ছেদ পড়ার পরামর্শ দেন।
১৭ থেকে ২০ নভেম্বর কুণ্ডায় রামকথার আয়োজন করা হয়েছে। রাজা ভাইয়া জানান, অনুষ্ঠানে প্রায় ৫০০ পাকিস্তানি হিন্দু শরণার্থীও যোগ দেবেন।