দুলীয়াজান, ১৬ নভেম্বর: কমলাবাড়িতে একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধারের ঘটনায় রাজু দাস নামে এক যুবককে মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাঁর বাবাকে।

নিহতেরা হলেন অয়েল ইন্ডিয়া লিমিটেডের অবসরপ্রাপ্ত আধিকারিক চন্দ্রকান্ত ভূঞা, তাঁর স্ত্রী এলিজা ভূঞা এবং তাঁদের ২৬ বছরের মেয়ে নীহারিকা ভূঞা। সোমবার তাঁদের দেহ উদ্ধার হয়।

পুলিশের সন্দেহ, রাজু গত প্রায় সাত বছর ধরে চন্দ্রকান্তদের বাড়িতে ভাড়াটে হিসেবে থাকতেন। দেহ উদ্ধারের পর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে। তিনি পলাতক বলে মনে করা হচ্ছে।

ঘটনার পর থেকেই দুলীয়াজান পুলিশ তদন্ত শুরু করেছে এবং পলাতক সন্দেহভাজনদের খুঁজতে তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থলে একটি আলমারি খোলা এবং সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। চুরি বা ডাকাতির সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তিন জনের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার নেপথ্যের রহস্য এখনও স্পষ্ট নয়। তদন্তের পরেই এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।