জাগীরোড, ১৭ নভেম্বর: মরিগাঁওয়ের দলবারির বাসিন্দা আশরাফুল ইসলাম খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে জাগীরোড পুলিশ। ধৃতদের মধ্যে আশরাফুলের ছায়াসঙ্গী বলে পরিচিত বন্ধু চাজরুল হকও রয়েছেন।

ধৃতেরা হলেন মায়ঙের ছাগলীকাটা বিলপাড়ের সাইদুল ইসলাম, জাগীরোডের বহা পাহারের উমর ফারুক এবং মিকিরভেটার চাজরুল হক। শনিবার রাতে জাগীরোডের মনহায় ঘটনার পরেই তদন্ত শুরু করে পুলিশ তিন জনকে গ্রেফতার করে।

জানা গিয়েছে, জাগীরোডের বুরাবুরির কয়েক জন আশরাফুলের সুইফ্‌ট গাড়িটি ভাড়ায় নিয়ে গুয়াহাটি গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এক ব্যক্তিকে নিয়ে সন্দেহ হওয়ায় আশরাফুল তাঁর ছবি ও ফোন নম্বর স্ত্রীকে পাঠিয়েছিলেন। এর কিছু ক্ষণের মধ্যেই আশরাফুলের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।

রবিবার ভোররাতে জাগীরোডের মনহায় গাড়ির ভিতর থেকে সন্দেহজনক অবস্থায় আশরাফুলের দেহ উদ্ধার হয়। দুষ্কৃতীরা খুনের ঘটনাটিকে দুর্ঘটনা বলে দেখানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে।

আশরাফুলের আত্মীয়দের সন্দেহ, এই খুনে আরও কয়েক জন জড়িত থাকতে পারেন। তাঁদের দাবি, ধৃত তিন জন আগেও বিভিন্ন অপরাধে জেল খেটেছেন। অভিযুক্তদের এনকাউন্টার করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে আবেদন জানিয়েছেন নিহতের আত্মীয়েরা।

এই ঘটনায় জাগীরোড থানায় ৩৪১/২৬ নম্বরে মামলা রুজু হয়েছে। খুনের প্রকৃত কারণ এবং অন্য কারও যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।