গুয়াহাটি, ১৮ নভেম্বর: গোলাঘাট জেলার মেরাপানির দুই যুবক রূপম গগৈ ও সৌরভ দাস সাইকেলে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে গুয়াহাটির জুবিন ক্ষেত্র থেকে তাঁদের এই বিশেষ অভিযান শুরু হয়েছে।
প্রায় তিন মাসের মধ্যে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছনোর লক্ষ্য নিয়েছেন তাঁরা। এই যাত্রার মাধ্যমে জুবিন গর্গের ন্যায়বিচারের দাবি, মাদক ও নেশাজাতীয় দ্রব্য বর্জন এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে চান দুই যুবক।
অভিযানের সময়ে তাঁরা ভারতীয় জাতীয় পতাকার সঙ্গে ‘জয় আই অসম’ এবং ‘জয় জুবিনদা’ লেখা অসমিয়া গামছা বহন করছেন। এভারেস্ট বেস ক্যাম্পে অসমের স্বাভিমানের প্রতীক তুলে ধরে রাজ্যের সংস্কৃতি ও পরিচিতি বিশ্বের সামনে তুলে ধরার লক্ষ্যও রয়েছে তাঁদের।
গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তাও সমাজের কাছে পৌঁছে দিতে চান রূপম ও সৌরভ। তাঁদের লক্ষ্য, সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং অসমের স্বাভিমানকে বিশ্বদরবারে প্রতিষ্ঠা করা।
এর আগে রূপম একা সাইকেলে নেপাল, লাদাখ ও শ্রীলঙ্কা ভ্রমণ করেছেন। এ বার সৌরভকে সঙ্গে নিয়ে দুর্গম পাহাড়ি রাস্তা ও প্রতিকূল আবহাওয়া পেরিয়ে বেস ক্যাম্পে পৌঁছনোর চ্যালেঞ্জ নিয়েছেন তাঁরা।