শ্রীনগর, ১৮ নভেম্বর: জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত হল লস্কর-ই-তৈয়বার জঙ্গি লতিফ ভাট। নিরাপত্তা সংস্থার তালিকায় শ্রেণি ‘এ’ জঙ্গি হিসেবে চিহ্নিত ২২ বছর বয়সি লতিফ সংগঠনে যোগ দেওয়ার ঠিক এক বছর পর নিহত হয়েছেন।

নিরাপত্তা সংস্থার দাবি, দক্ষিণ কাশ্মীরের কুলগাম এলাকায় লস্করের কার্যকলাপের নেতৃত্ব দিতেন লতিফ। উপত্যকায় সক্রিয় স্থানীয় লস্কর সদস্যদের মধ্যে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বলেও তাদের দাবি।

অভিযানের সময়ে একটি মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিলেন লতিফ। নিরাপত্তাবাহিনী তাঁকে ভিডিয়ো কলের মাধ্যমে আত্মসমর্পণের সুযোগ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, রাত প্রায় ২টা ৪৫ মিনিটে তিনি নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালান। পাল্টা গুলিতে তিনি নিহত হন। মসজিদটির যাতে কোনও ক্ষতি না হয়, সে জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৮ নভেম্বর লস্কর-ই-তৈয়বায় যোগ দিয়েছিলেন লতিফ। তার আগে তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন। ভানের একটি স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত এবং আশমুজির অন্য একটি স্কুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন তিনি। পরে কুলগামের সরকারি কলেজে স্নাতক পাঠ্যক্রমে ভর্তি হলেও মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন।

দক্ষিণ কাশ্মীরের একাধিক জঙ্গি হামলায় লতিফের যোগ থাকার অভিযোগ উঠেছিল। ২২ জুলাই অনন্তনাগে এক পুলিশ আধিকারিক খুন এবং ১ অগস্ট কুলগামে দুই পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় তাঁর নাম জড়ায়। পুলিশ জানিয়েছে, ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের একটি পর্যবেক্ষণ চৌকিতে হামলার আগে লতিফ ও তাঁর সহযোগী উমর নিসার দার ওই এলাকা পরিদর্শন করেছিলেন। ওই হামলায় তিন জওয়ান আহত হন। ১৬ নভেম্বর উমর নিসার দার নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ার পরে লতিফ পালিয়ে যান। পরে তল্লাশি জোরদার করে কুলগামে তাঁকে খুঁজে পায় নিরাপত্তাবাহিনী।