নয়াদিল্লি, ১৯ নভেম্বর: ২০৭০ সালেও ভারতের মোট জনসংখ্যার ৭৫ শতাংশের বেশি হিন্দু থাকতে পারেন বলে একটি সাম্প্রতিক গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে। গবেষণা অনুযায়ী, ২০২০ সালে দেশের ৭৯.৪ শতাংশ মানুষ হিন্দু ছিলেন। ২০৭০ সালে সেই হার কমে ৭৫.৮ শতাংশ হতে পারে। যদিও হিন্দুদের মোট সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।
‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়ন্স: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০-২০৭০’ শীর্ষক ওই গবেষণায় বিশ্বের সাতটি প্রধান ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যার ভবিষ্যৎ প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ২০২০ সালে ভারতের মোট জনসংখ্যার ১৫.২ শতাংশ মুসলিম ছিলেন। ২০৭০ সালে সেই হার বেড়ে ১৯.৬ শতাংশ হতে পারে।
গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ভারতে হিন্দু জনসংখ্যা প্রায় ১৭.৬ কোটি বাড়তে পারে। একই সময়ে মুসলিম জনসংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বাড়বে বলে অনুমান করা হয়েছে। ২০৭০ সালে দেশে প্রায় ৩৩.৪ কোটি মুসলিম থাকতে পারেন। সে ক্ষেত্রে ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে পারে।
ধর্মীয় গোষ্ঠীগুলির জন্মহার এবং জনসংখ্যার বয়সগত কাঠামোর ফারাককে এই পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তুলনামূলক ভাবে কমবয়সি মুসলিম জনসংখ্যা ও বেশি জন্মহার তাঁদের সংখ্যা বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। তবে আগামী দশকগুলিতে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর জন্মহারের ব্যবধান কমবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
ভারতের হিন্দু জনসংখ্যা বিশ্বের মোট হিন্দু জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ। ২০৭০ সালেও ভারতই বিশ্বের সর্বাধিক হিন্দু জনসংখ্যার দেশ থাকবে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। ভারত ও নেপালই হিন্দু-সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে টিকে থাকবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
গবেষণায় স্পষ্ট করা হয়েছে, এই তথ্য নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। বর্তমান জনসংখ্যাগত প্রবণতা বজায় থাকলে সম্ভাব্য পরিবর্তনের হিসাবমাত্র। ভারতের ক্ষেত্রে ২০২০ সালের ধর্মীয় জনসংখ্যার ভিত্তি নির্ধারণে ২০১১ সালের জনগণনার তথ্য থেকে অনুমান করা হয়েছে, কারণ ২০২১ সালের জনগণনা বিলম্বিত হয়েছিল।