নয়াদিল্লি, ১৯ নভেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে বৃহস্পতিবার তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে বার্তা দিয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অবদানের কথা স্মরণ করেন মোদী।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর ঠাকুমা ইন্দিরার সঙ্গে জড়িয়ে থাকা একটি স্মৃতির কথা উল্লেখ করে আবেগঘন বার্তা দেন। ইন্দিরাকে সাহসী, দৃঢ়চেতা ও স্নেহশীল মানুষ হিসেবে স্মরণ করে তিনি বলেন, পরিবারের মহিলাদের মধ্যে তাঁর শক্তি ও প্রেরণার প্রতিফলন দেখা যায়।

কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা ইন্দিরাকে ‘টাইগ্রেস’ বলে উল্লেখ করে জানান, তাঁর মতো নেতা আর আসবেন না।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সনিয়া গান্ধী-সহ দলের অন্য প্রবীণ নেতারা নয়াদিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে ইন্দিরার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার প্রাক্তন প্রধানমন্ত্রীকে ‘আয়রন লেডি’ বলে অভিহিত করেন। কৃষি, ব্যাঙ্কিং, মহাকাশ ও পরমাণু কর্মসূচিতে ইন্দিরার আমলে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তিনি তুলে ধরেন।

১৯১৭ সালের ১৯ নভেম্বর উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্ম ইন্দিরার। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ১৯৬৬ থেকে ১৯৭৭ পর্যন্ত প্রথম দফায় দায়িত্বে ছিলেন তিনি। ১৯৮০ সালে ফের ক্ষমতায় আসেন এবং ১৯৮৪ সালে নিহত হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন। তাঁর মৃত্যুর পরে ছেলে রাজীব গান্ধী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।