নতুন দিল্লি, ১৮ নভেম্বর: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমান দুর্ঘটনার তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রকাশের জন্য আরও দু’-তিন সপ্তাহ সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্র ও অসামরিক বিমান চলাচল মহানির্দেশকের পক্ষে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর তদন্ত এখন শেষ পর্যায়ে। আন্তর্জাতিক বিধিনিয়ম মেনে তদন্ত শেষ করতে কিছু অতিরিক্ত সময় লাগবে। তদন্ত ইচ্ছাকৃত ভাবে বিলম্বিত করার কোনও উদ্দেশ্য নেই বলেও তিনি জানান।
এআই-১৭১-এর ক্যাপ্টেন সুমিত সভরওয়ালের ৯১ বছরের বাবা পুষ্কর রাজ সভরওয়াল পৃথক ও স্বাধীন তদন্তের দাবিতে আবেদন করেছেন। তাঁর পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ ও প্রণব সচদেবের বক্তব্য, বার বার সময় চাওয়া হলেও এখনও চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি।
তদন্তকারী দলের গঠন নিয়েও প্রশ্ন তোলেন প্রশান্ত ভূষণ। তাঁর অভিযোগ, পাঁচ সদস্যের দলে তিন জন অসামরিক বিমান চলাচল মহানির্দেশকের আধিকারিক। এতে তদন্তের নিরপেক্ষতা ও স্বাধীনতা নিয়ে স্বার্থের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। তুষার মেহতার দাবি, তদন্তে বিমানের যাত্রী থাকা দেশগুলির বিশেষজ্ঞদেরও যুক্ত করা হয়েছে। বিমানের বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষার জন্য নির্মাতাদের কাছে পাঠানো হওয়ায় সময় লাগছে।
২০২৫ সালের ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড়ানের কিছু ক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি। বিমানে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়। মাটিতে থাকা আরও ১৯ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২৬০।
গত জুলাইয়ে প্রকাশিত প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছিল, উড়ানের কিছু ক্ষণের মধ্যেই বিমানের দু’টি ইঞ্জিনের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ ‘রান’ অবস্থা থেকে ‘কাটঅফ’ অবস্থায় চলে গিয়েছিল। ফলে দু’টি ইঞ্জিনেই জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে সুইচ দু’টি কী ভাবে এবং কেন সরেছিল, সে বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত জানানো হয়নি।
চূড়ান্ত রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত পৃথক তদন্তের আবেদনের শুনানি স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের বক্তব্য শোনার পরে মামলাটির পরবর্তী শুনানি দু’সপ্তাহ পরে হবে বলে আদালত জানিয়েছে।