জাগুন, ১৯ নভেম্বর: অসম-অরুণাচল প্রদেশ সীমান্তের জাগুনে মাদকবিরোধী অভিযানে ৩১৮.৮৮ গ্রাম নিষিদ্ধ মাদক উদ্ধার করল পুলিশ। ঘটনায় অরুণাচল প্রদেশের জয়রামপুরের ১৭ মাইল এলাকার বাসিন্দা, ৬৫ বছর বয়সি চন্দ্র তামাংকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জাগুনের ১২ মাইল এলাকার ওয়ারা গ্রামে ঢোকার পথে অভিযান চালায় লেখাপানি ও জাগুন থানার যৌথ পুলিশদল। জেলা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকও অভিযানে উপস্থিত ছিলেন।

পুলিশের দাবি, চন্দ্রের কাছ থেকে মাদকভর্তি ২৫টি সাবানের বাক্স উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজারদর প্রায় ৬৩ লক্ষাধিক টাকা।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মাদক সরবরাহচক্র সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।