গুয়াহাটি, ১৯ নভেম্বর: গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল, বা জিএমসিএইচে প্রথম সফল যকৃত প্রতিস্থাপনের পরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দাতা ও গ্রহীতা। বৃহস্পতিবার জিএমসিএইচে নিয়োগপত্র বিলি অনুষ্ঠানে এ কথা জানান অসমের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল।

মন্ত্রী জানান, অস্ত্রোপচারের পরে ২৫ দিন পর্যবেক্ষণে রাখার পর বৃহস্পতিবার দু’জনকেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

গত অক্টোবর মাসে প্রায় ১৬ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে বেহারবাড়ির ৪৮ বছরের ভগৎ সিংহের শরীরে তাঁর ছোট বোনের দান করা যকৃতের একটি অংশ প্রতিস্থাপন করা হয়েছিল।

অস্ত্রোপচারে তামিলনাড়ুর ডাঃ চেন্থিল কুমার, আহমেদাবাদের ডাঃ ধর্মেন্দ্র এবং দিল্লির ডাঃ শ্বেতা সিংহের পাশাপাশি জিএমসিএইচের চিকিৎসক ও স্থানীয় সহায়ক দলও যুক্ত ছিল।

অশোক সিংহল অস্ত্রোপচারে সহযোগিতা করা বিশেষজ্ঞ চিকিৎসকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ওই বিশেষজ্ঞেরা জিএমসিএইচের স্থানীয় চিকিৎসকদেরও এই জটিল চিকিৎসাপদ্ধতির প্রশিক্ষণ দিচ্ছেন। আগামী তিন-চার মাসের মধ্যে জিএমসিএইচের চিকিৎসকেরা নিজেরাই এমন অস্ত্রোপচার করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

নিয়োগপত্র বিলি অনুষ্ঠানেই স্বাস্থ্যমন্ত্রী বলেন, গোলাঘাট, যোরহাট ও নগাঁওয়ের হাসপাতাল পরিদর্শনের সময় চিকিৎসকেরা তাঁকে অস্ত্রোপচার করতে ভয় পাওয়ার কথা জানিয়েছিলেন। সব সুবিধা থাকা সত্ত্বেও গত চার মাস ধরে অস্ত্রোপচার না করার কথাও চিকিৎসকেরা তাঁকে বলেছিলেন বলে জানান তিনি।