ডিব্রুগড়, ১৯ নভেম্বর: রেসিডেন্সি শেষ না হওয়া পর্যন্ত বিয়ের মতো ব্যক্তিগত সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার পরামর্শ-সংবলিত নির্দেশিকা প্রত্যাহার করল অসম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগ। চিকিৎসক সংগঠনের আপত্তির মুখে বুধবার, ১৮ নভেম্বর নির্দেশিকা জারির কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করা হয়।
বিভাগীয় প্রধান প্রসান্ত দিহিঙ্গিয়া জেনারেল মেডিসিন বিভাগের স্নাতকোত্তর প্রশিক্ষণরত চিকিৎসকদের উদ্দেশে ওই পরামর্শ দিয়েছিলেন। নির্দেশিকায় তাঁদের রেসিডেন্সির মেয়াদ সফলভাবে শেষ না হওয়া পর্যন্ত বিয়ের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত স্থগিত রাখার কথা বলা হয়েছিল।
পরে নতুন নির্দেশে জানানো হয়, ব্যক্তিগত সিদ্ধান্ত সংক্রান্ত আগের অফিস আদেশটি অবিলম্বে প্রত্যাহার করা হল। নতুন বিজ্ঞপ্তি জারির দিন থেকেই আগের নির্দেশটি বাতিল বলে গণ্য হবে বলেও জানানো হয়েছে।
ফেডারেশন অব অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন ওই পরামর্শকে অযৌক্তিক বলে নিন্দা করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছিল। সংগঠনটির বক্তব্য, কর্তৃপক্ষের কাজ চিকিৎসকদের কর্মঘণ্টা নিয়ন্ত্রণ করা, তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণ করা নয়।
রেসিডেন্সি একটি স্নাতকোত্তর পাঠক্রম, ব্রহ্মচর্যের শপথ নয়।