ডুমডুমা, ১৯ নভেম্বর: তিনসুকিয়া জেলার ডুমডুমার তারা চা-বাগানের নাহরজান গ্রামে বুনো হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম বালক ছাই গড় (ভংকর)। তাঁর বয়স ষাট বছর।
জানা গিয়েছে, বুধবার সকাল প্রায় ৮টা নাগাদ নিজের চা-বাগানে কাজ করছিলেন বালক। সেই সময় টোকনি বনাঞ্চল থেকে কাকোজান বনাঞ্চল পেরিয়ে আসার পথে একটি বুনো হাতির পাল তাঁকে আক্রমণ করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরে এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়েছে। বন দফতরের ভূমিকা ও কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার সঞ্জীব দাস বনাঞ্চলে বৈদ্যুতিক বেড়া বসানোর কাজে গাফিলতি করায় এমন ঘটনা ঘটেছে। ঘটনার যথাযথ তদন্ত এবং হাতি-মানুষের সংঘাত ঠেকাতে বন দফতরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।