গুয়াহাটি, ১৯ নভেম্বর: পঞ্চায়েতি রাজ ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধিদের মাসিক পারিতোষিক বাড়ানোর সিদ্ধান্ত নিল অসম সরকার। নয়াদিল্লিতে অনুষ্ঠিত অসম মন্ত্রিসভার বৈঠকে জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত এবং গাঁও পঞ্চায়েতের প্রতিনিধিদের পারিতোষিক বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, জেলা পরিষদের সভাপতিদের মাসিক পারিতোষিক ১০ হাজার টাকা থেকে বেড়ে ১৫ হাজার টাকা হয়েছে। উপসভাপতিদের পারিতোষিক ৭,৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা এবং সদস্যদের ৪ হাজার টাকা থেকে ৫,৫০০ টাকা করা হয়েছে।

আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতিরা এত দিন ৭,৫০০ টাকা পেতেন। এখন তাঁরা মাসে ১০ হাজার টাকা পাবেন। উপসভাপতিদের পারিতোষিক ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার টাকা এবং সদস্যদের ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করা হয়েছে।

গাঁও পঞ্চায়েতের সভাপতিদের মাসিক পারিতোষিক ৫ হাজার টাকা থেকে বেড়ে ৬,৫০০ টাকা হয়েছে। উপসভাপতিদের পারিতোষিক ৩ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা এবং সদস্যদের ২ হাজার টাকা থেকে ২,৬০০ টাকা করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে রাজ্যের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের তিন স্তরের নির্বাচিত প্রতিনিধিদের মাসিক পারিতোষিক বৃদ্ধি পাবে।